ব্রাজিলের প্রেসিডেন্টকে ‘চোর’ বললেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট

অনলাইন ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ২৯ জুলাই, ২০২৬, ১২:৫৩ পিএম

ব্রাজিলের প্রেসিডেন্টকে ‘চোর’ বললেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট

ফাইল ফটো

ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভাকে ‘চোর’ ও ‘দণ্ডপ্রাপ্ত অপরাধী’ বলে কটাক্ষ করেছেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ার মিলেই। এ ঘটনার জেরে আর্জেন্টিনায় নিযুক্ত রাষ্ট্রদূতকে তলব করে আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়েছে ব্রাজিল, যা দুই দেশের মধ্যে ফের কূটনৈতিক উত্তেজনার জন্ম দিয়েছে।

শনিবার (২৫ জুলাই) ব্রাজিলের সাঁও পাওলোতে এক রাজনৈতিক সমাবেশে বক্তব্য দেওয়ার সময়ে এ মন্তব্য করেন হাভিয়ার মিলেই।

আগামী অক্টোবরে অনুষ্ঠিতব্য প্রেসিডেন্ট নির্বাচনে ডানপন্থী প্রার্থী ফ্লাভিও বলসোনারোর প্রচারণার সেই উদ্বোধনী অনুষ্ঠানে লুলার নাম উল্লেখ না করেও তাকে ইঙ্গিত করে ‘চোর’ ও ‘দণ্ডপ্রাপ্ত অপরাধী’ বলে মন্তব্য করেন। ২০২২ সালের আগে দুর্নীতির মামলায় লুলার কারাবাসের প্রসঙ্গ টেনে তিনি এ মন্তব্য করেন।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, বক্তব্যে মিলেই ব্রাজিলের সুপ্রিম কোর্টের বিচারপতি আলেকজান্দ্রে দে মোরায়েসকেও কটাক্ষ করেন। এই বিচারপতিই সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারোর বিরুদ্ধে চলমান বিচারপ্রক্রিয়ার তদারকি করছেন। সম্প্রতি গৃহবন্দী বলসোনারোর সঙ্গে মিলেইয়ের সাক্ষাতের অনুমতিও তিনি দেননি।

এএফপির বরাতে নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্রাজিলীয় কূটনীতিক বলেন, ‘মিলেইয়ের বক্তব্য ব্রাজিল সরকার, জনগণ এবং দেশটির গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর প্রতি অপমানজনক।’

রোববার এক অনুষ্ঠানে লুলা সরাসরি মিলেইয়ের নাম উল্লেখ না করে বলেন, ‘অন্য কোনো দেশের নেতা ব্রাজিলে এসে দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবেন-এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’

বিশ্লেষকরা মনে করছেন, দক্ষিণ আমেরিকার দুই বৃহৎ অর্থনীতি ও প্রধান বাণিজ্য অংশীদার ব্রাজিল ও আর্জেন্টিনার মধ্যে বিদ্যমান কূটনৈতিক টানাপোড়েন এই ঘটনার পর আরও তীব্র হতে পারে।

উল্লেখ্য, লুলা পুননির্বাচনের জন্য লড়ছেন এবং তিনি সেনেটর ফ্লাভিও বলসোনারোর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করবেন, যার পরিবারের সঙ্গে ট্রাম্প প্রশাসনের অনেক যোগসূত্র রয়েছে।

Link copied!