বুধবার (০৫ আগস্ট) বিকেল ৪টায় ফরিদপুরের নগরকান্দায় জুলাই গণঅভ্যুত্থান দিবস '২৬ উপলক্ষে "গণতন্ত্র, অধিকার আদায়ে ১৭ বছরের অনির্বাণ সংগ্রাম ও রক্তঝরা জুলাই জাগরণ" শীর্ষক আলোচনা সভা ও বিজয় র্যালি অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য শামা ওবায়েদ ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক মোদারেস আলী ইছা, নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার, সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সাবেক সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ, সাবেক সহ-সভাপতি আলিমুজ্জামান সেলু ও মাহবুব আলী, যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জাসরিস ও বদরুদ্দোজামান তারা মোল্লা,
পৌর বিএনপির সাবেক সভাপতি আসাদুজ্জামান, সালথা উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার, ঢাকা মহানগর উত্তরের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমান শরীফ জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক তৈয়াবুর রহমান ও হেলাল উদ্দিনসহ বিভিন্ন ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে প্রথমে জুংগুরদী ব্রিজ সংলগ্ন এলাকা থেকে একটি বিজয় র্যালি বের করা হয়।
র্যালিটি নগরকান্দা উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়। পরে শহীদ আকরামুন্নেছা উচ্চ বালিকা বিদ্যালয় মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম জুলাই আন্দোলনের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। একই সঙ্গে গত ১৭ বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলনে আত্মত্যাগকারী সকল শহীদকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে তিনি বলেন, তাঁদের ত্যাগ ও সংগ্রাম জাতি চিরকাল শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।
তিনি গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ থেকে কাজ করার আহ্বান জানান।সভায় বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের তাৎপর্য তুলে ধরে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং জনগণের অধিকার আদায়ের আন্দোলনে শহীদদের অবদানের কথা স্মরণ করেন। আলোচনা সভা শেষে দেশের শান্তি, সমৃদ্ধি ও গণতান্ত্রিক অগ্রযাত্রা কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

আপনার মতামত লিখুন :