ছাত্রদলের নতুন কমিটি এখন তারেক রহমানের টেবিলে

নিজস্ব সংবাদদাতা , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ১৪ আগস্ট, ২০২৬, ১২:৪০ পিএম

ছাত্রদলের নতুন কমিটি এখন তারেক রহমানের টেবিলে

ফাইল ফটো

আশরাফুল খান, স্টাফ রিপোর্টার : জাতীয়তাবাদী ছাত্রদলের নতুন কেন্দ্রীয় কমিটি গঠনের প্রক্রিয়া এখন চূড়ান্ত পর্যায়ে বলে সংশ্লিষ্ট একাধিক সূত্রের দাবি। বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের টেবিলে সম্ভাব্য নেতৃত্বের তালিকা রয়েছে। সবকিছু ঠিক থাকলে যেকোনো সময় ঘোষণা হতে পারে নতুন কমিটি।

নতুন কমিটি ঘোষণার মধ্য দিয়ে বর্তমান সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের নেতৃত্বাধীন অধ্যায়ের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটতে পারে। একই সঙ্গে ছাত্রদলের নেতৃত্বে অপেক্ষাকৃত নতুন প্রজন্মের হাতে দায়িত্ব হস্তান্তরের প্রক্রিয়াও শুরু হবে।

বিদায়ী নেতৃত্বের সঙ্গে তারেক রহমানের বৈঠক: বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে তারেক রহমানের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেন ছাত্রদলের শীর্ষ পাঁচ নেতা। সংশ্লিষ্ট সূত্রের ভাষ্য, বৈঠকে ছাত্রদলের সাম্প্রতিক আন্দোলন-সংগ্রামে ভূমিকা, সংগঠনের ভবিষ্যৎ কাঠামো এবং নতুন নেতৃত্বের কাছে দায়িত্ব হস্তান্তরসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

বৈঠকে ছাত্রদলের নেতাদের অতীতের আন্দোলন-সংগ্রামে ভূমিকার প্রশংসা করার পাশাপাশি ভবিষ্যৎ রাজনীতিতে আরও পেশাদারত্ব, শৃঙ্খলা ও দায়িত্বশীলতার ওপর গুরুত্বারোপ করা হয়েছে বলে সূত্রগুলো জানিয়েছে।একাধিক নেতার ভাষ্য অনুযায়ী, তারেক রহমান নতুন প্রজন্মকে সামনে এনে সংগঠনকে আরও গতিশীল করার বিষয়ে গুরুত্ব দিয়েছেন। পাশাপাশি বিদায়ী নেতৃত্বকে মূল দল বিএনপি এবং অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনে রাজনৈতিকভাবে কাজে লাগানোর বিষয়টিও আলোচনায় এসেছে।

দুই বছরের মেয়াদ পেরিয়ে নতুন নেতৃত্বের অপেক্ষা: ২০২৪ সালের ১ মার্চ ছাত্রদলের কেন্দ্রীয় আংশিক কমিটির দায়িত্ব পান সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। একই সময়ে আবু আফসান মো. ইয়াহইয়া সিনিয়র সহ-সভাপতি, শ্যামল মালুম সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এবং আমান উল্লাহ আমান সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পান।

 

পরবর্তীতে ২০২৪ সালের ১৫ জুন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে ২৬০ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।ছাত্রদলের খসড়া গঠনতন্ত্র অনুযায়ী কেন্দ্রীয় সংসদের মেয়াদ দুই বছর করার প্রস্তাব রয়েছে। সেই হিসাবে চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি বর্তমান কমিটির মেয়াদ শেষ হয়েছে। এরপর থেকেই নতুন নেতৃত্ব নিয়ে শুরু হয় নানা আলোচনা, হিসাব-নিকাশ ও তৎপরতা।

 

শীর্ষপদে কারা? নতুন কমিটির শীর্ষ পদে সম্ভাব্য কয়েকজন নেতার নাম নিয়ে সংগঠনের ভেতরে আলোচনা চলছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।আলোচনায় থাকা নেতাদের মধ্যে রয়েছেন—কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহইয়া, সহ-সভাপতি ইজ্জাজুল কবির রুয়েল, ডা. তৌহিদুর রহমান আউয়াল, সাংগঠনিক সম্পাদক আমান উল্লাহ আমান, ১ নম্বর যুগ্ম সম্পাদক মমিনুল ইসলাম জিসান, যুগ্ম সম্পাদক পদমর্যাদায় প্রচার সম্পাদক শরীফ প্রধান শুভ।

এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস, সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপুন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান এবং  ঢাকা কলেজ ছাত্রদলের সদ্য সাবেক সাংগঠনিক সম্পাদক বোরহান উদ্দিন ইশরাকের নামও আলোচনায় রয়েছে।তবে শেষ পর্যন্ত কার ভাগ্যে শীর্ষ পদ জুটবে, সেটি নির্ভর করছে কেন্দ্রীয় সিদ্ধান্তের ওপর। ফলে আলোচনায় থাকা নামগুলোর মধ্যেও শেষ মুহূর্তে পরিবর্তন আসার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না সংশ্লিষ্টরা।

৫/৭/৯ সদস্যের আংশিক কমিটিতে আসতে পারে চমক: ছাত্রদলের নতুন কমিটি প্রথম ধাপে ৫, ৭ কিংবা ৯ সদস্যের আংশিক কমিটি আকারে ঘোষণা করা হলে নেতৃত্ব নির্বাচনে কিছুটা চমক আসতে পারে বলে সংগঠনটির একাধিক নেতার ধারণা।

বিশেষ করে বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে যোগ্য, নিয়মিত ও সক্রিয় শিক্ষার্থীদের কেন্দ্রীয় নেতৃত্বে জায়গা দেওয়ার সম্ভাবনা নিয়ে আলোচনা রয়েছে। এতে ছাত্রদলের নেতৃত্বের পরিধি আরও বিস্তৃত হওয়ার পাশাপাশি দীর্ঘদিনের অভিযোগ—সংগঠনের নেতৃত্বে প্রকৃত শিক্ষার্থীদের অংশগ্রহণ কম—তা কাটিয়ে ওঠার সুযোগ তৈরি হতে পারে। পদপ্রত্যাশীদের একটি অংশ মনে করেন, নতুন কমিটিতে নিয়মিত শিক্ষার্থী, নারী নেতৃত্ব, আন্দোলন-সংগ্রামে পরীক্ষিত কর্মী এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্বকে গুরুত্ব দেওয়া হলে ছাত্রদল আরও কার্যকর ও গ্রহণযোগ্য সাংগঠনিক কাঠামো পেতে পারে।

 

বিদায়ী নেতাদের ভবিষ্যৎ কোথায়? নতুন কমিটি ঘিরে আলোচনা যতই তীব্র হচ্ছে, ততই সামনে আসছে বিদায়ী নেতাদের রাজনৈতিক ভবিষ্যতের প্রশ্ন।সংশ্লিষ্ট সূত্রের দাবি, তারেক রহমানের সঙ্গে বৈঠকে বিদায়ী নেতারা কেন্দ্রের সিদ্ধান্তের প্রতি পূর্ণ আনুগত্য প্রকাশ করেছেন। দল ভবিষ্যতে যে দায়িত্বই দিক, তা নিষ্ঠা ও সততার সঙ্গে পালনের প্রত্যয় ব্যক্ত করেছেন তারা।রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, ছাত্রদলের মতো গুরুত্বপূর্ণ অঙ্গসংগঠনের নেতৃত্ব পরিবর্তন শুধু একটি কমিটি পরিবর্তনের বিষয় নয়; এর সঙ্গে বিএনপির ভবিষ্যৎ সাংগঠনিক নেতৃত্ব তৈরির বিষয়টিও জড়িত। ফলে বিদায়ী নেতৃত্বের রাজনৈতিক অভিজ্ঞতাকে মূল দল ও অন্যান্য সহযোগী সংগঠনে কাজে লাগানো হতে পারে।

শেষ মুহূর্তের অপেক্ষা: সব মিলিয়ে ছাত্রদলের নতুন কেন্দ্রীয় কমিটি নিয়ে এখন সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। সম্ভাব্য নেতৃত্বের তালিকা নিয়ে আলোচনা থাকলেও চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত কোনো নামকেই নিশ্চিত বলে মনে করছেন না সংশ্লিষ্টরা।এখন নজর একটাই—কখন আসে কেন্দ্রীয় ঘোষণা, কার হাতে ওঠে জাতীয়তাবাদী ছাত্রদলের নেতৃত্বের পতাকা এবং নতুন নেতৃত্ব সংগঠনকে কোন পথে এগিয়ে নেয়। নতুন কমিটি ঘোষণা হলে রাকিবুল ইসলাম রাকিব ও নাছির উদ্দীন নাছির নেতৃত্বাধীন বর্তমান কমিটির অধ্যায় আনুষ্ঠানিকভাবে শেষ হবে। একই সঙ্গে শুরু হবে ছাত্রদলের নেতৃত্বে নতুন প্রজন্মের নতুন অধ্যায়।

Link copied!