ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভার সাবেক উপস্পিকার ও তৃণমূল কংগ্রেসের পাঁচবারের বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (১৬ আগস্ট) সকালে বীরভূম জেলার রামপুরহাট শহরে নিজের বাড়ির পাশের তৃণমূল কংগ্রেসের কার্যালয় থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, কার্যালয়ের ভেতর ঝুলন্ত অবস্থায় তার মরদেহ পাওয়া যায়। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
আশিস বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের প্রধান মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী থাকাকালে বিধানসভার উপস্পিকার হিসেবে দায়িত্ব পালন করেন। রামপুরহাট আসন থেকে তিনি পাঁচবার বিধায়ক নির্বাচিত হয়েছিলেন। চলতি বছরের শুরুতে অনুষ্ঠিত পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে বিজেপির ধ্রুব সাহার কাছে পরাজিত হন আশিস বন্দ্যোপাধ্যায়।
রামপুরহাটের হাততলাপাড়া এলাকায় বসবাস করতেন তিনি। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর তৃণমূলের ওই কার্যালয়ের সামনে বিপুলসংখ্যক মানুষ জড়ো হন।
মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমবার পশ্চিমবঙ্গের ক্ষমতায় আসার পর আশিস বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকারের শিক্ষা ও কৃষিমন্ত্রীর দায়িত্বও পালন করেছিলেন।
তার মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তবে কী কারণে তার মৃত্যু হয়েছে, তা এখনো নিশ্চিত করেনি পুলিশ। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

আপনার মতামত লিখুন :