ছাত্রলীগের কর্মী থেকে জামায়াত, অবশেষে ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক!

অনলাইন ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ২৪ আগস্ট, ২০২৬, ০২:৫৮ পিএম

ছাত্রলীগের কর্মী থেকে জামায়াত, অবশেষে ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক!

ফাইল ফটো

জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক একেএম আব্দুল্লাহ আল মাসুদকে ঘিরে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সংশ্লিষ্টতা, বিবাহিত ও অছাত্র হওয়ার অভিযোগ উঠেছে। একই সঙ্গে তিনি জামায়াত-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে শিক্ষকতা করেন বলেও দাবি করেছেন সংগঠনের নেতাকর্মীরা।

শনিবার (২২ আগস্ট) শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে জাবিপ্রবি ছাত্রদলের আহ্বায়ক শাকিল আহমেদকে বহিষ্কার করে কেন্দ্রীয় ছাত্রদল। একই চিঠিতে একেএম আব্দুল্লাহ আল মাসুদকে ভারপ্রাপ্ত আহ্বায়ক করা হয়। এরপরই তাকে ঘিরে এসব অভিযোগ সামনে আসে।

অভিযোগের পক্ষে ছাত্রলীগের বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার একাধিক ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। একটি ছবিতে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজমের সঙ্গে তার দেখা যাওয়ার বিষয়টিও আলোচনায় এসেছে। ছাত্রলীগের একটি খসড়া কমিটিতেও তার নাম থাকার দাবি করা হয়েছে।

মাসুদ জাবিপ্রবির কম্পিউটার সায়েন্স বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। বর্তমানে তিনি জামালপুর শহরের উইজডম সেন্ট্রাল কলেজে গণিতের শিক্ষক হিসেবে কর্মরত। ওই কলেজের নিয়োগপত্র অনুযায়ী, গত বছরের অক্টোবরে তিনি শিক্ষক হিসেবে যোগ দেন। প্রতিষ্ঠানটি জামায়াত নেতাদের মালিকানাধীন বলেও দাবি করা হয়েছে।

জাবিপ্রবি ছাত্রদলের একমাত্র নারী যুগ্ম আহ্বায়ক আদিবা হক মিলা বলেন, একজন অছাত্র ও বিবাহিত ব্যক্তি কীভাবে ছাত্রদলের দায়িত্ব পান, তা নিয়ে তিনি হতাশ। তিনি এ ঘটনার বিহিত দাবি করেন।

অভিযোগের বিষয়ে একেএম আব্দুল্লাহ আল মাসুদ বলেন, ছাত্রলীগের কর্মসূচিতে যাওয়ার বিষয়টি সত্য। তিনি বলেন, 'ওই সময় ছাত্রলীগের কিছু বন্ধুদের সাথে তিনি গিয়েছিলেন।'

বিবাহিত হওয়ার বিষয়টি স্বীকার করে মাসুদ বলেন, 'আমার ছাত্রত্ব আছে, আগামী মাসে মাস্টার্স কোর্স চালু হওয়ার কথা।' কলেজে যোগ দেওয়ার পর প্রতিষ্ঠানটি জামায়াতের বলে জানতে পারেন বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, কলেজে বিএনপির একজন নেতা গুরুত্বপূর্ণ পদে চাকরি করেন। ভারপ্রাপ্ত আহ্বায়কের দায়িত্ব পাওয়ার পর একটি পক্ষ তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। মাসুদের দাবি, তার পুরো পরিবার বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত এবং আত্মীয়দের মধ্যেও একাধিক ব্যক্তি বিএনপির বিভিন্ন পদে রয়েছেন।

Link copied!