‘আমরা তার ছাত্র হওয়ার জন্য এখানে আসি নাই’

অনলাইন ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ২৮ আগস্ট, ২০২৬, ০৯:২০ এএম

‘আমরা তার ছাত্র হওয়ার জন্য এখানে আসি নাই’

ফাইল ফটো

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, ‘আমরা তার ছাত্র হওয়ার জন্য এখানে আসি নাই।’ শিক্ষকতা করতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রীকে বিশ্ববিদ্যালয় খোলার পরামর্শও দেন তিনি।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের প্রথম দিনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের বক্তব্যকে কেন্দ্র করে সংসদে উত্তেজনা তৈরি হলে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে ডা. শফিকুর রহমান এ প্রতিক্রিয়া জানান।

শফিকুর রহমান বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি সম্মান রেখে বলতে চাই, আজকে নতুন করে তিনি এই শব্দগুলো উচ্চারণ করেন নাই। সংসদ অধিবেশন যেদিন থেকে বসা শুরু হয়েছে, সেদিন থেকেই তিনি তুচ্ছতাচ্ছিল্য করে সবাইকে...আমি বুঝতে পারি না; উনি নিজেকে কী মনে করেন। এমনকি, তিনি এখানে দাঁড়িয়ে সেই দুঃসাহস দেখিয়েছেন, তিনি বলেছেন যে, এই সংসদে তিনি শিক্ষকের ভূমিকা পালন করবেন। আমরা তার ছাত্র হওয়ার জন্য এখানে আসি নাই। শিক্ষকতা করতে হলে তিনি একটা ইউনিভার্সিটি খুলুন, ওখানে যার পছন্দ গিয়ে ভর্তি হবে। উনার লেকচার শুনবে।’

একই বক্তব্যে বিরোধীদের দুইবার আক্রমণ করা হয়েছে দাবি করে শফিকুর রহমান বলেন, ‘এটা কালচারাল নয়, এটা পার্লামেন্টারিয়ান ফ্যাসিজম। এটা হওয়া উচিত না।’

এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী সংসদের প্রশ্নকে শাহবাগ স্কয়ার ও পল্টনের বক্তৃতার সঙ্গে তুলনা করলে বিরোধীরা প্রতিবাদ করেন। প্রায় ১১ মিনিট অচলাবস্থার পর তিনি বক্তব্য প্রত্যাহার করেন। পরে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ অসংসদীয় বক্তব্য থাকলে তা এক্সপাঞ্জ করার কথা জানান।

Link copied!