বাংলাদেশ ও ভারতের সম্পর্ক অতীতের ঘটনাপ্রবাহে আটকে না রেখে ভবিষ্যতের দিকে এগিয়ে নেওয়ার ওপর গুরুত্ব দিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। তিনি বলেছেন, দুই দেশের মধ্যে চ্যালেঞ্জ থাকলেও তা মোকাবিলা করেই উন্নয়ন ও সহযোগিতার পথে এগিয়ে যেতে হবে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান এবং প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা জানানোর কথা উল্লেখ করে ভারতীয় হাইকমিশনার বলেন, ‘আজকের সাক্ষাতে মিলেমিশে কাজ করার বিষয়ে কথা হয়েছে।’
বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে মন্তব্য করতে চান না জানিয়ে তিনি বলেন, অভ্যন্তরীণ রাজনীতিতে যা হয়, সেটি নিয়ে কিছু বলতে চাই না এবং বলা উচিতও নয়। সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে নির্বাচিত সরকারই জনগণের জন্য কোনটি ভালো, তা বুঝবে বলেও মন্তব্য করেন তিনি।
দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক আরও জোরদারের ওপর গুরুত্ব দিয়ে দীনেশ ত্রিবেদী বলেন, জনগণের সঙ্গে জনগণের সম্পর্ক আমরা সবসময় চাই। সিদ্ধান্তগুলোর প্রভাব সাধারণ মানুষের ওপর পড়ে উল্লেখ করে তাদের কল্যাণ নিশ্চিত করা দুই দেশের দায়িত্ব বলেও জানান তিনি।
তিনি বলেন, ‘আমরা সীমান্তের সঙ্গে স্বপ্নও শেয়ার করি। সেজন্য প্রতিবেশী হিসেবে দায়িত্ব বেড়ে যায়। আমরা সমান। কেউ বড় কিংবা ছোট নই।’
বাংলাদেশ ও ভারত উভয়েরই নানা চ্যালেঞ্জ রয়েছে উল্লেখ করে তিনি বলেন, চ্যালেঞ্জ থাকবেই। এসব চ্যালেঞ্জ মাথায় রেখেই দুই দেশকে ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে হবে।

আপনার মতামত লিখুন :