বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নীলফামারীতে ফ্রি মেডিক্যাল ক্যাম্প ও ব্লাড গ্রুপিং কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সদর উপজেলার গোড়গ্রাম ইউনিয়নের মাহাবুবা মেমোরিয়াল জেনারেল হাসপাতালে দিনব্যাপী আয়োজিত এ ক্যাম্পে পাঁচ শতাধিক মানুষ বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণ করেন। ঢাকা কলেজ ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মাদ কাবেরুল ইসলাম লিটনের উদ্যোগে আয়োজিত এ মেডিক্যাল ক্যাম্পে চিকিৎসাসেবা প্রদান করেন রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা. আরিফুল ইসলাম ও ডা. জান্নাতুল নেছা। এ সময় আগতদের বিনামূল্যে ব্লাড গ্রুপিং সেবাও প্রদান করা হয়।
চিকিৎসাসেবা নিতে আসা হাসিনা বানু বলেন, দীর্ঘদিন ধরে শারীরিক সমস্যায় ভুগলেও অর্থাভাবে নিয়মিত চিকিৎসা করাতে পারেননি। বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ পেয়ে তিনি উপকৃত হয়েছেন। গোড়গ্রাম ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল কাদের মেম্বার বলেন, কাবেরুল ইসলাম লিটন শুধু রাজনৈতিক কর্মকাণ্ডেই নয়, বিভিন্ন সামাজিক ও মানবিক উদ্যোগের মাধ্যমে সবসময় সাধারণ মানুষের পাশে থাকেন।
কাবেরুল ইসলাম লিটন বলেন, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী মানুষের কল্যাণে কাজ করার একটি উপলক্ষ। আর্থিক অসচ্ছল মানুষের চিকিৎসাসেবার কথা বিবেচনা করেই এই ফ্রি মেডিক্যাল ক্যাম্প ও ব্লাড গ্রুপিং কর্মসূচির আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন :