হবিগঞ্জের মাধবপুরে সোনাই নদীতে লাকড়ি সংগ্রহ করতে গিয়ে নিখোঁজ হওয়ার পাঁচ দিন পর আব্দুল মন্নান মনু মিয়া (৭০) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
জানা যায়, গত শুক্রবার উপজেলার চৌমুহনী ইউনিয়নের সোনাই নদীতে লাকড়ি সংগ্রহ করতে গিয়ে স্রোতে ভেসে নিখোঁজ হন মনু মিয়া। এরপর থেকে পরিবারের সদস্য ও স্থানীয়রা নদীসহ আশপাশের এলাকায় তার সন্ধান করে আসছিলেন।
পরে মঙ্গলবার রাতে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার একটি বিলে লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে লাশটি আব্দুল মন্নান মনু মিয়ার বলে শনাক্ত করেন।
চৌমুহনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ মনু মিয়ার মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

আপনার মতামত লিখুন :