জ্বালানি সংকটের মধ্য গ্যাস-তেল ব্যবহার করে বিরোধী দলের লংমার্চ কর্মসূচি অবিবেচনাপ্রসূত ও গণবিরোধী বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স। তিনি বলেন, জনগণের স্বার্থের কথা বিবেচনা করে বিরোধীদলের তা প্রত্যাহার করা উচিত।
বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার বিকেলে তিনি ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলা ও পৌর বিএনপির আয়োজিত আলোচনা সভায় প্রিন্স এই আহ্বান জানান।
আলোচনা সভায় এমরান সালেহ প্রিন্স বলেন, চলমান জ্বালানী সংকটের জন্য ছয় মাস বয়সী বিএনপি সরকার কোনোভাবেই দায়ী নয়। বৈশ্বিক সঙ্কট ও মহেশখালীর এলএনজি টার্মিনালে দুর্ঘটনা এবং এই সেক্টরে আওয়ামী লীগ সরকারের লুটপাট ও ভ্রান্ত নীতিতে গ্যাসের স্বল্পতা ও জ্বালানি সংকটের ফলে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হচ্ছে।
তিনি বলেন, কোনো অজুহাত দিয়ে বিএনপি সরকার সমস্যা আড়াল করছে না। বিদ্যুৎ, তেল, গ্যাসের বর্তমান সংকট নিরসনে সরকারের পক্ষ থেকে দ্রুত পদক্ষেপ নেওয়া হচ্ছে এবং বড় ধরনের ভর্তুকি ও আমদানির মাধ্যমে সরবরাহ স্বাভাবিক করার চেষ্টা চলছে। সমস্যার স্থায়ী সমাধানের জন্য স্বল্প, মধ্য ও দীর্ঘ মেয়াদী পরিকল্পনা নেয়া হয়েছে।
তিনি বলেন, বিদ্যুৎ, তেল, গ্যাসের বর্তমান সংকটের কারণে পরিবহন, বিদ্যুৎ,রান্না সহ গৃহস্থালী ও দৈনন্দিন যখন ব্যাহত হচ্ছে, তখন সহস্রাধিক গাড়ি নিয়ে (জামায়াতের সেক্রেটারী জেনারেল এর ভাষ্যমতে) লক্ষ লক্ষ লিটার, ঘনমিটার জ্বালানি খরচ করে লংমার্চ সঙ্কট ও জন দুর্ভোগ আরও বৃদ্ধি করবে। বিদ্যুৎ-গ্যাস সংকট নিরসনের দাবি করে সংকট আরও ঘনিভূত করার কর্মসূচি নিশ্চয়ই গণ বিরোধী ও হঠকারী এবং গণ আকাঙ্ক্ষার পরিপন্থী।
তিনি বলেন, সারের পর্যাপ্ত মজুদ আছে, সার নিয়ে আতঙ্কিত হবার কিছু নেই। সারের মূল্য বৃদ্ধি ও কৃত্রিম সংকট সৃষ্টি করে কেউ যাতে ষড়যন্ত্র করতে না পারে সেদিকে প্রশাসন ও বিএনপি নেতা কর্মীদের সতর্ক থাকতে হবে।
তিনি বলেন, বিএনপিকে ধ্বংস ও বিনাশ করার অনেক ষড়যন্ত্র হয়েছে কিন্তু বিএনপি অবিনশ্বর, বিএনপি অবিনাশী। বাংলাদেশের স্বার্থ যেখানে, বিএনপির রাজনীতি সেখানেই। দেশের জনগণের অধিকার, মর্যাদা ও কল্যাণ রক্ষার প্রশ্নে বিএনপি সবসময় জনগণের পাশে ছিল, আছে এবং থাকবে।
হালুয়াঘাট পৌর শহরের উত্তর বাজার ধান মহালে উপজেলা বিএনপির আহ্বায়ক আসলাম মিয়া বাবুলের সভাপতিত্বে ও সদস্য সচিব আবু হাসনাত বদরুল কবীরের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক এনায়েত উল্লাহ কালাম, হালুয়াঘাট পৌর বিএনপির আহ্বায়ক হানিফ মোহাম্মদ শাকের উল্লাহ, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বীরমুক্তিযোদ্ধা অধ্যাপক আমজাদ আলী ও মৎস্যজীবী দলের আহ্বায়ক শেখ সাদির প্রমুখ।

আপনার মতামত লিখুন :