কিংবদন্তি অভিনেত্রী দিলারা জামানের বাড়ি দখল নিয়ে সম্প্রতি সামাজিক মাধ্যমে ব্যপক আলোচনা তৈরি হয়েছে। তবে বিষয়টি সাম্প্রতিক নয় বলে জানিয়েছেন তিনি। প্রায় দুই যুগ আগে ঢাকার শ্যামলীতে তার বাবার দেওয়া জমিতে বাড়ি দখলের ঘটনা ঘটেছিল।
সম্প্রতি একটি সাক্ষাৎকারের অংশ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নতুন করে আলোচনায় আসে। সেখানে দিলারা জামান বলেছিলেন, ‘বাবার দেওয়া জমিতে ধারদেনা করে বাড়ি করেছিলাম। দেনা শোধ করতে বাড়ি ভাড়া দিয়েছিলাম, কিন্তু ভাড়ার টাকা পাইনি। একপর্যায়ে ভাড়াটিয়া বাড়ি দখল করে নেয়। এখন ছোট্ট পাখির বাসার মতো বাড়িতে থাকি।’
সাক্ষাৎকারের ওই অংশে ঘটনার সময়কাল স্পষ্ট না হওয়ায় অনেকেই বিষয়টিকে সাম্প্রতিক ঘটনা হিসেবে মনে করেন। পরে বিষয়টি পরিষ্কার করে অভিনেত্রী জানান, প্রায় দুই যুগ আগে শ্যামলীর ছয় কাঠা জমিটি দখল হয়েছিল। তবে জমির প্রয়োজনীয় কাগজপত্র ঠিক থাকায় আদালতের আইনি প্রক্রিয়ায় মাত্র দুই মাসের মধ্যে তিনি জমিটি ফিরে পান।
পরবর্তীতে সেই জমি বিক্রি করে ২০০৮ সালে উত্তরায় একটি ফ্ল্যাট কেনেন দিলারা জামান। বর্তমানে সেখানেই বসবাস করছেন তিনি। শ্যামলীর ওই জমিতে এখন একটি দশতলা অ্যাপার্টমেন্ট গড়ে উঠেছে।
বর্তমান জীবন নিয়ে সন্তুষ্ট জানিয়ে বর্ষীয়ান এই অভিনেত্রী বলেন, তিনি ভালো আছেন এবং নিজের জীবন নিয়ে সম্পূর্ণ সন্তুষ্ট।

আপনার মতামত লিখুন :