কারাগারে বন্দিদের জন্য চালু হচ্ছে ভিডিও কল

অনলাইন ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ০৫ সেপ্টেম্বর, ২০২৬, ০৩:১৪ পিএম

কারাগারে বন্দিদের জন্য চালু হচ্ছে ভিডিও কল

ফাইল ফটো

কারাগারের বন্দিজীবনে স্বজনদের সঙ্গে যোগাযোগ আরও সহজ করতে ভিডিও কলের বিশেষ সুবিধা চালু করছে সরকার। ইতোমধ্যে মুন্সীগঞ্জ জেলা কারাগারে পাইলট প্রকল্প হিসেবে এ সেবা চালু হয়েছে। শিগগিরই দেশের অন্যান্য কারাগারেও এটি সম্প্রসারণ করা হবে বলে জানিয়েছে কারা অধিদপ্তর।

নির্ধারিত নিয়ম মেনে কয়েদি ও হাজতিরা সপ্তাহে একবার ১০ মিনিট করে ভিডিও কলে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলার সুযোগ পাবেন। এ সময় গোপনীয়তা বজায় রাখার ব্যবস্থা থাকবে।

ঢাকা কারা অধিদপ্তরের জেলার (লজিস্টিক অ্যান্ড মিডিয়া) মো. মাসুদ হাসান জুয়েল বলেন, ‘সারা দেশে শিগগিরই কারাবন্দিরা স্বজনদের সঙ্গে ভিডিও কলে কথা বলতে পারবেন। এ ক্ষেত্রে গোপনীয়তা বজায় রাখা হবে।’

বন্দিদের সংশোধন ও পুনর্বাসনের অংশ হিসেবেও বিভিন্ন কার্যক্রম চালু করেছে সরকার। দেশের বিভিন্ন কারাগারে খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, ধর্মীয় শিক্ষা, কাউন্সেলিংসহ মানসিক উন্নয়নমূলক কর্মসূচি পরিচালিত হচ্ছে।

কারা অধিদপ্তর জানিয়েছে, বন্দিদের উৎপাদনশীল কাজে যুক্ত করতে প্রশিক্ষণের ব্যবস্থাও করা হয়েছে। এর মাধ্যমে মুক্তির পর তাদের কর্মজীবনে দক্ষ করে তোলার লক্ষ্য রয়েছে।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এ বর্তমানে সাবান উৎপাদন কার্যক্রম চলছে। উৎপাদিত সাবান বন্দি ও কারা স্টাফদের ব্যবহারের জন্য সরবরাহ করা হচ্ছে। ভবিষ্যতে প্রশিক্ষণ ও উৎপাদনমুখী কার্যক্রম আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে।

Link copied!