আকাশে ওড়ার তিন মিনিটেই গ্রিসে যুদ্ধবিমান বিধ্বস্ত, প্রাণ হারালেন দুই পাইলট

নিউজ ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ০৬ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩৮ এএম

আকাশে ওড়ার তিন মিনিটেই গ্রিসে যুদ্ধবিমান বিধ্বস্ত, প্রাণ হারালেন দুই পাইলট

ফাইল ফটো

আকাশে ওড়ার মাত্র তিন মিনিটের মাথায় দুর্ঘটনার কবলে পড়েছে গ্রিসের একটি এফ-৪ ফ্যান্টম যুদ্ধবিমান। শনিবার দেশটিতে আয়োজিত এক বার্ষিক এয়ার শোতে অংশ নেওয়ার সময় বিমানটি এথেন্সের উত্তরাঞ্চলীয় তানাগ্রা বিমানঘাঁটির কাছে বিধ্বস্ত হয়। এতে বিমানে থাকা দুই পাইলটই প্রাণ হারিয়েছেন।

সংবাদ সংস্থা রয়টার্সকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, বিমানটি বিমানবন্দর থেকে প্রায় দুই কিলোমিটার দূরে আছড়ে পড়ে। এতে বিমানে থাকা দুজন পাইলটই নিহত হন। তবে লোকালয় বা দর্শনার্থীদের কেউ এতে হতাহত হননি।

গ্রিসের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম ইআরটির প্রকাশিত ভিডিওতে দেখা যায়, দুর্ঘটনার ঠিক কয়েক সেকেন্ড আগে যুদ্ধবিমানটি মাটির খুব কাছ দিয়ে বিপজ্জনক বাঁক নিচ্ছিল। এর পরপরই এটি বিধ্বস্ত হয়ে অগ্নিকুণ্ডে পরিণত হয়।দুর্ঘটনার প্রভাবে সংলগ্ন বনাঞ্চলে দাবানল ছড়িয়ে পড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ১১টি অগ্নিনির্বাপণ বিমান ও হেলিকপ্টার একযোগে উদ্ধারকাজে অংশ নেয়।

ঘটনাস্থলে উপস্থিত এক প্রত্যক্ষদর্শী বলেন, ‘আমরা সবাই স্তব্ধ হয়ে পড়েছিলাম। উড্ডয়নের তিন মিনিটও পার হয়নি, এর মধ্যেই সব শেষ হয়ে গেল।’ঘটনার পরপরই নিরাপত্তার স্বার্থে লাউডস্পিকারে ঘোষণা দিয়ে দর্শনার্থীদের দ্রুত স্থান ত্যাগের নির্দেশনা দেয় কর্তৃপক্ষ। উল্লেখ্য, সামরিক ও বেসামরিক উড়োজাহাজ নিয়ে আয়োজিত আন্তর্জাতিক মহড়া ‘এথেন্স ফ্লাইং উইক’-এ প্রদর্শনী চলাকালে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

Link copied!