পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, জামায়াত-বিএনপি নেতৃত্বাধীন বিরোধী জোট এতদিন জান্নাতের টিকিট বিক্রির কথা বলে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করে ব্যর্থ হয়েছে। এখন তারা তেল, বিদ্যুৎ ও সারসহ বিভিন্ন সংকটের কথা বলে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। বর্তমানে চলমান তেল সংকটের মধ্যে হাজার হাজার লিটার তেল পুড়িয়ে বিরোধী দলের লংমার্চ কর্মসূচির যৌক্তিকতা নিয়েও তিনি প্রশ্ন তোলেন।
রোববার পঞ্চগড়ের বোদা উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ ও শিশুদের সাঁতার প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী দেশীয় মাছের প্রজাতি রক্ষায় সবাইকে সচেষ্ট থাকার আহ্বান জানান। একই সঙ্গে পানিতে ডুবে অপমৃত্যু রোধে শিশুদের সাঁতার শেখানোর ওপর গুরুত্বারোপ করেন এবং যুবসমাজকে রক্ষায় মাদকের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তাসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন :