গৌরীপুরে সাংবাদিককে ডেকে নিয়ে পেটানোর অভিযোগ, মাথায় ৯ সেলাই: থানায় অভিযোগ

নিজস্ব প্রতিবেদক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ১১ সেপ্টেম্বর, ২০২৬, ০৪:৩৫ পিএম

গৌরীপুরে সাংবাদিককে ডেকে নিয়ে পেটানোর অভিযোগ, মাথায় ৯ সেলাই: থানায় অভিযোগ

ফাইল ফটো

ময়মনসিংহের গৌরীপুরে সাংবাদিক এইচ. টি. তোফাজ্জল হোসেনকে বাড়িতে ডেকে নিয়ে হত্যার উদ্দেশ্যে লোহার পাইপ দিয়ে মাথায় আঘাত ও মারধরের অভিযোগ উঠেছে। হামলায় তাঁর মাথায় ৯টি সেলাই দিতে হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় ১৪ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১২ জনকে আসামি করে গৌরীপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন তাঁর স্ত্রী মোছাঃ মারিয়া খানম।

অভিযোগে উল্লেখ করা হয়,  ৮ সেপ্টেম্বর রাত আনুমানিক ৯টার দিকে গৌরীপুর উপজেলার ডৌহাকলা ইউনিয়নের কলতাপাড়া বড় বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। ওই সময় মোঃ আশরাফুল আলম নামে এক ব্যক্তি সাংবাদিক এইচ. টি. তোফাজ্জাল হোসেনকে তাঁর বসতঘরে দাওয়াত করে নিয়ে যান।

লিখিত অভিযোগে মারিয়া খানম দাবি করেন, তাঁর স্বামী এলাকায় মাদক ও জুয়ার বিরুদ্ধে প্রতিবাদ করায় অভিযুক্ত ব্যক্তিরা আগে থেকেই তাঁর ওপর ক্ষুব্ধ ছিলেন। ঘটনার দিন আশরাফুল আলমের বসতঘরে অবস্থানকালে আগে থেকে সেখানে অবস্থান নেওয়া অভিযুক্তরা তাঁর স্বামীকে হত্যার উদ্দেশ্যে লোহার পাইপ দিয়ে মাথায় আঘাত করেন।

অভিযোগে আরও বলা হয়, আঘাতে তিনি মাটিতে পড়ে গেলে লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি মারধর করা হয়। একপর্যায়ে তাঁর হাত-পা রশি দিয়ে বেঁধে ফেলা হয় এবং জ্ঞান হারানো পর্যন্ত মারধর করা হয়। হামলায় তাঁর মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম ও নীলাফোলা আঘাতের সৃষ্টি হয় এবং মাথায় ৯টি সেলাই লাগে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় অভিযুক্ত  মোঃ সিরাজুল হক,  তোফাজ্জল হোসেন মানিক, তানভীর, তৌহিদুল রুবেল রুমন, কামাল উদ্দিন, মতি মিয়া, দেলোয়ার হোসেন, হেলাল, আবু মিয়া, রফিকুল, জিসান, এনামুল হক, সুরুজ আলী ও রোফেল আহম্মেদের নাম উল্লেখ করা হয়েছে। তাঁদের সবার বাড়ি গৌরীপুরের কলতাপাড়া এলাকায় বলে অভিযোগে জানানো হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১২ জনকে অভিযুক্ত করা হয়েছে।

মারিয়া খানম অভিযোগটির সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন, হামলায় জড়িত প্রত্যেক ব্যক্তিকে শনাক্ত করে আইনগত ব্যবস্থা এবং তাঁর ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন। গৌরীপুর থানার ওসি হাবিবুর রহমানের কাছে জানতে চাইলে তিনি বলেন, অভিযোগ পেয়েছি। মামলা হবে, আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

সিয়াম সরিষা
Link copied!