কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ডের রায়ের প্রতিবাদে সুপ্রিম কোর্টে ‘নীরব প্রতিবাদ’ আওয়ামীপন্থী আইনজীবীদের

বিশেষ প্রতিনিধি , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ০৯:১৮ পিএম

কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ডের রায়ের প্রতিবাদে সুপ্রিম কোর্টে ‘নীরব প্রতিবাদ’ আওয়ামীপন্থী আইনজীবীদের

ফাইল ফটো

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ডের রায়ের প্রতিবাদে সুপ্রিম কোর্টে 'নীরব প্রতিবাদ' জানিয়েছেন আওয়ামীপন্থী আইনজীবীরা।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে সুপ্রিম কোর্টের অ্যানেক্স ভবনের অ্যাডভোকেট লাউঞ্জের সামনে জড়ো হয়ে এই প্রতিবাদ জানান তারা। এ সময় সম্মিলিত কোনো স্লোগান দিতে শোনা না গেলেও কয়েকজন আইনজীবীকে 'জয় বাংলা, জয় বঙ্গবন্ধু' বলতে শোনা যায়।

প্রতিবাদকারী আইনজীবী এডভোকেট মোঃ শাহরিয়ার কবির,গণমাধ্যমকে জানান, 'আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া রায়ের প্রতিবাদ জানাতেই তারা সেখানে জড়ো হয়েছিলেন।'

তিনি বলেন, 'আজ আইসিটি ট্রাইব্যুনালে বাংলাদেশ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দকে যে ফাঁসির রায় দেওয়া হয়েছে, তার প্রতিবাদস্বরূপ আমরা সবাই জড়ো হয়েছিলাম। এই রায় প্রত্যাখ্যান করে আমরা তাৎক্ষণিক একটা প্রতিবাদ জানিয়েছি।' 

এই প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার ফয়সাল আহমেদ রনি,  এড. হাসানুজ্জামান তুষার, এড. জাফর আহমেদ সুমন, এডভোকেট মনজুরুল আহসান, এডভোকেট আবু সুফিয়ানসহ শতাধিক আইনজীবী।

ট্রাইব্যুনালের বিচারপ্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেন সুপ্রিম কোর্টের আইনজীবীগণ। তারা বলেন, 'উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমাদের দলীয় নেতা-কর্মীদের এই মিথ্যা মামলায় প্রহসনের রায় দেওয়া হয়েছে।'

এর আগে, এদিন জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় ওবায়দুল কাদেরসহ সাত আসামির বিরুদ্ধে রায় ঘোষণা করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। সাত আসামির প্রত্যেকের বিরুদ্ধে চারটি করে অভিযোগ ছিল। বিভিন্ন অভিযোগে তাদের মৃত্যুদণ্ড ও আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে।

Link copied!