রবিউল আলম , মদন : নেত্রকোণার মদন পৌরসভায় টোল আদায়কে কেন্দ্র করে ইজারাদারের কর্মচারীর লাথি ও ধাক্কায় জুলাই যোদ্ধা আব্দুল বারেক (৭২) নিহত হয়েছেন বলে অভিযোগ করেছেন স্বজনরা। সোমবার দুপুর ১২টার দিকে পৌরসভার চকপাড়া মোড়লবাড়ির সামনে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, জুলাই যোদ্ধা মো. আব্দুল বারেক ময়মনসিংহ থেকে চিকিৎসা শেষে নাতি মোহাম্মদ আরিফুল (২০) ও তার স্ত্রীকে নিয়ে সিএনজিযোগে বাড়ি ফিরছিলেন। চকপাড়ার মোড়লবাড়ি এলাকায় পৌঁছালে পৌরসভার টোল আদায়কারী আতিকুল ইসলাম (১৯) ও মো. রায়হান (৩০) সিএনজিচালকের কাছে ২০ টাকা টোল দাবি করেন।
চালক জানান, তার কাছে খুচরা টাকা নেই, মাত্র ৫ টাকা আছে; যাত্রীদের নামিয়ে ফেরার পথে বাকি টাকা দিয়ে যাবেন। কিন্তু টোল আদায়কারীরা তা মানতে নারাজ ছিলেন। এ সময় যাত্রী আব্দুল বারেক ১ হাজার টাকার একটি নোট দিয়ে খুচরা টাকা রেখে বাকিটা ফেরত দিতে বলেন। তখন টোল আদায়কারীদের একজন নোটটি নিয়ে কোনো কথা না বলে চলে যান। পরে আব্দুল বারেক ও তার নাতি ২০ টাকা টোল রেখে বাকি টাকা ফেরত চাইলে আদায়কারীরা গালিগালাজ শুরু করেন। একপর্যায়ে আব্দুল বারেককে লাথি ও ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেওয়া হয়। এতে তিনি গুরুতর আহত হলে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত আতিকুল ইসলামকে আটক করেছে। আতিকুল পৌরসভার ভেদেরা গ্রামের আব্দুর রশিদের ছেলে। মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহ উদ্দিন করিম জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত আতিকুলকে আটক করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অপর ব্যক্তি পালিয়ে গেছেন। নিহতের স্বজনদের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার মতামত লিখুন :