মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন

বাঁশখালীতে নৌকা সমর্থিত ৮ জনের সকালে জেল, বিকালে জামিন পাল্টাপাল্টি মামলার ঘটনা

বাঁশখালীতে নৌকা সমর্থিত ৮ জনের সকালে জেল, বিকালে জামিন পাল্টাপাল্টি মামলার ঘটনা

মোঃ জোবাইর : বাঁশখালীতে নৌকা ও ঈগল সমর্থকদের পাল্টাপাল্টি মামলার ঘটনায় নৌকা সমর্থিত ৮ জনের সকালে জেল বিকেলে জামিন হয়। দুই পক্ষের মধ্যে ইট পাটকেল নিক্ষেপের ঘটনায় দায়ের করা মামলায় অভিযুক্তরা গতকাল বৃহস্পতিবার সকালে বাঁশখালী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. আবদুল হামিদের আদালতে হাজির হলে আদালত জামিন না মঞ্জুর করে চট্টগ্রামে জেল হাজতে প্রেরণ করেন। তবে বিকেলে চট্টগ্রাম চিফ জুড়িসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থেকে তাদের জামিন মঞ্জুর হয় বলে বিষয়টি নিশ্চিত করেন বাঁশখালী পৌরসভার মেয়র এসএম তোফাইল বিন হোছাইন।
অভিযুক্তরা হলেন, নৌকা প্রতীকের প্রার্থী মোস্তাফিজুর রহমান চৌধুরীর সমর্থক মোহাম্মদ রেজবা (২৮), কায়জাসেদ প্রমি (২৪), মোহাম্মদ রাশেদ (২৬), মোহাম্মদ জমির (২৬), মোহাম্মদ মুবিন (৩০), আরিফুল ইসলাম (৩৭), মো. আশেক (২৫), মোহাম্মদ রাশেদ (২২)। বাঁশখালীতে গত ১৯ ডিসেম্বর আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপি ও ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মুজিবর রহমানের সমর্থকদের মধ্যে ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এ ঘটনায় ২০ ডিসেম্বর রাতে ৯ জনের নাম উল্লেখ এবং ২০/৩০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা করেন নৌকার প্রার্থীর সমর্থক মো. হারুনুর রশিদ। অপরদিকে একই ঘটনায় গত ২২ ডিসেম্বর বাঁশখালী থানায় ঈগল প্রতীকের মুজিবুর রহমানের সমর্থক জলদীর বেলাল উদ্দিন বাদী হয়ে নৌকা প্রতীকের মোস্তাফিজুর রহমান চৌধুরীর ১১ জন সমর্থকের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ৩০/ ৫০ জনকে আসামি করে মামলা করেন।
পাল্টাপাল্টি অভিযোগ এনে করা এ মামলায় বৃহস্পতিবার বাঁশখালী আদালতে হাজির হলে নৌকা সমর্থিত ৮জনকে জেল হাজতে প্রেরণ করা হয়। অপরদিকে নৌকার প্রার্থীর সমর্থক হারুনুর রশিদ বাদী হয়ে করা মামলায় প্রতিপক্ষের অভিযুক্তরা হলেন, বাঁশখালী পৌরসভার কাউন্সিলর আরিফ মাঈন উদ্দিন (৪১), এডভোকেট আলমগীর কবির (৪২), আমির মিয়া (৩৬), আবদুল আউয়াল টিপু (২৮), মো. ফারুক (৪৭), মো. সিরাজ (৪২), জাহেদুল ইসলাম রুবেল (৩৪), আলী ইমন (২৩) ও মো. বেলাল (৩৪)। মামলায় ২০ থেকে ৩০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হলেও তারা কয়দিন আগে বাঁশখালীর ভারপ্রাপ্ত আদালতে চট্টগ্রামে হাজির হয়ে ৬ জন এবং বাঁশখালী আদালতে ২জন সহ মোট ৮জন জামিন পান বলে জানান বাদী বেলালের আইনজীবী এ.আর.এম তকছিমুল গনি ইমন। এদিকে পাল্টাপাল্টি ঘটনায় নৌকা সমর্থিত ৮ সমর্থকের জেল হওয়ার পর হতাশ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ধরনের কথা ছড়িয়ে পড়লেও বিকালে জামিন হওয়ার পর উচ্ছ্বাস দেখা যায়। এসময় দৈনিক প্রতিদিনের কাগজ কে উচ্ছ্বসিত  নেতাকর্মীরা বলেন অবহেলা-অবজ্ঞা তিক্ততার জবাব ভোটে দেবো।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |