মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন
আন্তর্জাতিক ডেস্ক
চীন যে প্রস্তাব দিয়েছে, তা রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধের ভিত্তি হতে পারে বলে মন্তব্য করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।তিনি বলেছেন, চীনের দেওয়া প্রস্তাবের ভিত্তিতে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শেষ হতে পারে।
তবে এ শান্তি পরিকল্পনা নিয়ে তখনই এগোনো যাবে যখন ‘পশ্চিম ও ইউক্রেন এ বিষয়ে প্রস্তুত হবে। ’
মঙ্গলবার (২১ মার্চ) চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে মস্কোতে ফের বৈঠক করেন রুশ প্রেসিডেন্ট পুতিন। বৈঠকে ইউক্রেনে যুদ্ধ বন্ধসহ বিভিন্ন বিষয় নিয়ে তারা আলোচনা করেন। খবর বিবিসির।
শি জিনপিংয়ের সঙ্গে আলোচনা শেষে একটি যৌথ সংবাদ সম্মেলনে পুতিন বলেছেন, ‘চীনের শান্তি পরিকল্পনার অনেকগুলো দফা ইউক্রেনের সংঘাত নিষ্পত্তির ভিত্তি হিসেবে গ্রহণ করা যেতে পারে। তবে এটি তখনই সম্ভব, যখন পশ্চিম ও কিয়েভ এর জন্য প্রস্তুত হবে। তবে রাশিয়া এখন পর্যন্ত তাদের এমন কোনো ‘প্রস্তুতি’ দেখতে পায়নি বলেও মন্তব্য করেন তিনি।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে গত মাসে ১২ দফার একটি পরিকল্পনা দেয় চীন। তবে সেখানে স্পষ্টভাবে রাশিয়াকে ইউক্রেন ছেড়ে যাওয়ার আহ্বান জানানো হয়নি। কিন্তু ইউক্রেন যেকোনো আলোচনার শর্ত হিসেবে রাশিয়াকে তার ভূখণ্ড থেকে সেনা প্রত্যাহার করার ওপর জোর দিয়েছে।
এদিকে রাশিয়ার সর্বোচ্চ নেতার পাশে দাঁড়িয়ে জিনপিং বলেছিলেন, চীনের সরকার শান্তি ও সংলাপের পক্ষে। চীন ‘ইতিহাসের সঠিক দিকে আছে’। তিনি আবারও দাবি করেছেন যে, ইউক্রেন সংঘাতে চীনের একটি ‘নিরপেক্ষ অবস্থানে’ রয়েছে। বেইজিং সম্ভাব্য শান্তি স্থাপনের কাজ করতে চাচ্ছে। ইউক্রেন ইস্যু ছাড়াও শি জিনপিং ও পুতিন, দুই দেশের মধ্যে ক্রমবর্ধমান বাণিজ্য, শক্তি এবং রাজনৈতিক সম্পর্ক নিয়েও আলোচনা করেছেন।