মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন

৭৯৩ কোটি টাকা লোকসানের বোঝা মাথায় নিয়ে জয়পুরহাট চিনিকলে আখ মাড়াই শুরু

৭৯৩ কোটি টাকা লোকসানের বোঝা মাথায় নিয়ে জয়পুরহাট চিনিকলে আখ মাড়াই শুরু

শাহাদুল ইসলাম সাজু, জয়পুরহাট:  প্রায় ৭৯৩ কোটি টাকা লোকসানের বোঝা মাথায় নিয়ে আজ শুক্রবার বিকাল থেকে জয়পুরহাট চিনিকলের ২০২৪-২৫ আখ মাড়াই মৌসুম শুরু হয়েছে। চিরাচরিত নিয়মে মিল চত্বরে মিলাদ মাহফিল শেষে প্রবীণ আখচাষী ও অতিথিদের ডোঙ্গাতে আখ নিক্ষেপ করার মধ্যে দিয়ে এবারের ৬২তম আখ মাড়াই মৌসুমের উদ্বোধন করা হয়।

জানা গেছে, ১৯৬০ সালে জয়পুরহাট চিনিকল প্রতিষ্ঠিত হয়। ১৯৬৩-৬৪ সাল থেকে চিনি উৎপাদন শুরু হয়। দেশ স্বাধীন হওয়ার পর ১৯৭২ সালে সরকার এই প্রতিষ্ঠানটিকে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান হিসেবে ঘোষণা করেন। বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প সংস্থার আওতাধীন এই মিলটি আখ মাড়াই মৌসুম শুরুর পর প্রায় ৩০ বছর লাভ-লোকসান মিলিয়ে চললেও ১৯৯৪-৯৫ আখ মাড়াই মৌসুমের পর থেকে আর লাভের মুখ দেখেনি দেশের বৃহত্তর চিনি উৎপাদনকারী প্রতিষ্ঠান জয়পুরহাট চিনিকল । লাভের আশায় মিল কর্তৃপক্ষ আপ্রাণ চেষ্ট চালালেও প্রতি বছরই লোকসান গুনতে হচ্ছে মিলটিকে। আর এ পর্যন্ত মোট লোকসানের পরিমাণ প্রায় ৭৯৩ কোটি টাকা।

চিনিকল সূত্র জানায়, ২০২৩-২৪ মাড়াই মৌসুমে ৩৭ হাজার ৪৭৫ মেট্রিক টন আখ মাড়াই হয়েছে। এতে এক হাজার ১১৩ মেট্রিক টন চিনি উৎপাদন হয়েছে। এখনও ৩৭০ মেট্রিক টন চিনি মজুদ রয়েছে। ওই মৌসুমে ব্যাংক ঋণের সুদসহ প্রতি কেজি চিনি উৎপাদনে ব্যয় হয়েছে ৫২৭ টাকা । আর সুদ ছাড়া ব্যয় হয়েছে ৩৮১ টাকা। উৎপাদিত চিনি বাজারে ১২৫ টাকা কেজি দরে বিক্রি করা হয়েছে। সেই হিসাব অনুযায়ী এক কেজি চিনিতে লোকসান গুনতে হচ্ছে সুদসহ ৪০২ টাকা ও সুদ ছাড়া ২৫৬ টাকা। এক কেজি চিনিতে সুদসহ লোকসানের পরিমাণ বেশি। সবমিলিয়ে ওই মৌসুমে মোট প্রায় ৫৩ কোটি টাকা লোকসান হয়েছে। ২০২২-২৩ মৌসুমে লোকসান ছিল ৬৯ কোটি টাকা।

এবার চলতি ২০২৪-২৫ মৌসুমে ৩ হাজার ২ একর জমিতে আখের আবাদ হয়েছে। এসব জমির ৫০ হাজার মেট্রিক টন আখ মাড়াইয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এতে চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩ হাজার ২৫ মেট্রিক টন। এবার আখ মাড়াই কার্যক্রম ৩৪ দিন চলবে বলে আশা করা যাচ্ছে ।

জয়পুরহাট চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ মো: আখলাছুর রহমান জানান, আগের তুলনায় দিনদিন আখের আবাদ বাড়ছে। গত মৌসুমে ৭৩ লাখ ৬৬ হাজার টাকা চাষিদের ভূর্তুকি দেওয়া হয়েছে। এই মৌসুমেও চাষিদের ভূর্তুকি দেওয়া হবে। প্রতি মৌসুমে আখের দাম বৃদ্ধি পাচ্ছে। গত মৌসুমে কুইন্টাল প্রতি ৫৫০ টাকা দরে আখ কেনা হলেও এবার ৬০০ টাকা দরে কেনা হবে বলেও জানান তিনি ।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |