কক্সবাজার অফিস:
উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে মসজিদের এক ইমামকে কুপিয়ে হত্যা করা হয়েছে। শনিবার (২৫ ফেব্রুয়ারি) ফজরের নামাজ পড়াতে যাবার পথে উখিয়ার ১৭নং ক্যাম্প এলাকায় এই হত্যাকান্ড ঘটে। নিহত মাওলানা শামসুল আলম (৪০) ১৭নং ক্যাম্পের সি ব্লকের সাব ব্লক এইচ-৭৯ এর বাসিন্দা মৃত মিয়া চাঁদের পুত্র। তিনি ১৭নং ক্যাম্পের বি ব্লকের সাব ব্লক এইচ-৮৮ এর মসজিদের ইমাম।
স্থানীয় সূত্রে জানা যায়, ইমাম মাওলানা শামসুল আলম শনিবার ফজরের আজানের পর নামাজ পড়ানোর জন্য মসজিদের উদ্দেশে বাসা থেকে বের হন। পরে সকাল নয়টার দিকে ক্যাম্প-২০ এর পাহাড়ের পাদদেশে একটি খালের কাছে তার মরদেহ পাওয়া যায়।
উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ আলি মসজিদের ইমাম শামসুল আলম হত্যাকান্ডের সত্যতা নিশ্চিত করেছেন।
১৪ এপিবিএন’র অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) ছৈয়দ হারুনর রশিদ বলেন- ‘মাওলানা শামসুল আলম ফজরের নামাজ পড়াতে বাসা থেকে বের হয়ে আর ফিরে আসেননি। পরে লোকজন পাহাড়ি খালের পাশে একটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। স্থানীয়রা সেটি মসজিদের ইমাম মাওলানা শামসুল আলমের মরদেহ বলে শনাক্ত করেন’।
উখিয়া থানার পুলিশ শামসুল আলমের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।