মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন
তৌহিদ বেলাল, চট্টগ্রাম ব্যুরো:
কক্সবাজারের উখিয়ায় ভাড়ায় যুবলীগের সম্মেলনে অংশ নিতে যাওয়ার পথে ট্রাকভর্তি ২৭ রোহিঙ্গা যুবককে আটক করা হয়েছে। রোববার (১২ মার্চ) সকাল এগারোটার দিকে এসব যুবকদের উখিয়া উপজেলা সদরের ফরেস্ট রোড এলাকা থেকে আটক করে পুলিশ।
আটককৃত যুবকেরা উখিয়া উপজেলার কুতুপালং রোহিঙ্গা আশ্রয় শিবিরের বাসিন্দা বলে জানা গেছে। তারা আশ্রয় শিবিরের নিরাপত্তা বেস্টনিতে দায়িত্বরত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের চোখ ফাঁকি দিয়ে একটি মিনি ট্রাকে করে উপজেলা যুবলীগের সম্মেলনে অংশ নিতে যাচ্ছিলো। বিশ্বস্ত সূত্র জানায়, উখিয়া উপজেলা যুবলীগের সম্মেলনে একজন প্রার্থী টাকার বিনিময়ে ওই রোহিঙ্গা যুবকদের ভাড়া করেন। উখিয়া উপজেলা সদরের খেলার মাঠে সরকারি দল আওয়ামী লীগের সহযোগী সংগঠনটির ত্রিবার্ষিক সম্মেলন রোববার অনুষ্ঠিত হয়।
উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ আলি যুবলীগের সম্মেলনে যাওয়ার পথে ট্রাকভর্তি ২৭ রোহিঙ্গা যুবক আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি সাংবাদিকদের বলেন, ‘বিশেষ সূত্রের দেয়া তথ্যের ভিত্তিতে ক্যাম্প থেকে অবৈধভাবে বের হয়ে আসা রোহিঙ্গাভর্তি একটি মিনিট্রাক পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে’। এসব রোহিঙ্গা যুবকদের কুতুপালংয়ের ক্যাম্প ইনচার্জের নিকট হস্তান্তর করা হচ্ছে বলেও জানান ওসি। আটক হওয়া রোহিঙ্গা যুবকেরা জিজ্ঞাসাবাদে জানায়, টাকা দেওয়ার কথা বলে তাদেরকে ক্যাম্প থেকে নিয়ে আসা হয়েছে। পরে একটি রাজনৈতিক মিছিলে অংশ নেওয়ার বিষয়ে জানতে পারেন তারা।