বিশেষ প্রতিনিধি
চট্টগ্রাম নগরীর বন্দরটিলা এলাকায় স্ত্রীকে হত্যা করে মরদেহ পানির ট্যাংকে রেখে পালানো যুবক হাসান অবশেষে গ্রেপ্তার হয়েছে। চট্টগ্রামের পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন- পিবিআই মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার হাসারা ইউনিয়নের দক্ষিণ লস্করপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার মুহাম্মদ হাসান আকন্দের (২৭) বাড়ি পটুয়াখালি জেলার বাউফল উপজেলার মাঝেরপাড়ায়। পেশায় রিকশাচালক হাসান পাঁচ মাস পূর্বে স্ত্রী সর্জিনা আক্তার (২০) কে হত্যা করে মরদেহ বাসার পানির ট্যাঙ্কে লুকিয়ে রেখে পালিয়েছিলেন।
পুলিশ জানায়, ঘাতক মুহাম্মদ হাসান আকন্দ মাস পাঁচেক আগে পারিবারিক কলহের জের ধরে তার স্ত্রী সর্জিনা আক্তারকে পিটিয়ে ও গলাটিপে শ্বাসরোধ হত্যা করেন। পরে মরদেহ বাসার পানির ট্যাঙ্কে লুকিয়ে রাখেন। ঘাতক হাসান পরে তাদের সাত মাসের সন্তানকে বাড়িওয়ালার কাছে রেখে থানায় স্ত্রী নিখোঁজের সাধারণ ডায়েরি (জিডি) করতে যান। এই ঘটনার দুইদিন পর গা ঢাকা দিতে চট্টগ্রাম ছাড়েন হাসান। সোজা গিয়ে মুন্সিগঞ্জের একটি ডেইরি খামারে কাজ নেন।
পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন- পিবিআই চট্টগ্রাম মহানগর ইউনিটের পরিদর্শক ও মামলাটির তদন্ত কর্মকর্তা (আইও) আনোয়ার উল্লাহ শুক্রবার সকালে প্রতিদিনের কাগজ-কে জানান, হত্যাকাণ্ডের তিনদিন পরে পানির ট্যাঙ্ক থেকে দুর্গন্ধ ছড়ালে বাড়ির মালিক সেখানে গৃহবধূ সর্জিনার মরদেহ দেখতে পেয়ে পুলিশকে জানায়। এই ঘটনায় সর্জিনা আক্তারের খালা স্মৃতি বেগম বাদী হয়ে চট্টগ্রাম নগরীর ইপিজেড থানায় হত্যামামলা দায়ের করেন। পিবিআই টানা অনুসন্ধানের পর মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলায় মামলার আসামি মুহাম্মদ হাসান আকন্দের অবস্থান শনাক্ত ও পরে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।