বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন
নিজস্ব সাংবাদদাতা : ময়মনসিংহের তারাকান্দায় মাছের খামারে লুটপাট ও ম্যানেজারকে মারধরের ঘটনায় আদালতে প্রতিবেদন দাখিল করেছে ময়মনসিংহ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন ( পিবিআই)।
মামলার তদন্ত কর্মকর্তা ও ময়মনসিংহ জেলা পিবিআই’র উপ-পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ নজরুল ইসলাম সরেজমিন তদন্ত শেষে এ প্রতিবেদন দাখিল করেন। ভুক্তভোগী তারাকান্দা উপজেলার সুবলিয়াপাড়া গ্রামের শফিউল আলম খানের ভার্সেন্টাইন ফিসারিজের ম্যানেজার মোঃ মোফাজ্জল হোসেন (৪৩)।
অভিযুক্তরা হলেন, ঐ গ্রামের মৃত আব্দুর আজিজের ছেলে মোঃ আব্দুল জলিল (৫৫), আব্দুল জলিলের ছেলে মোঃ রুবেল হোসেন (৩৫), আব্দুল জাব্বারের ছেলে মোঃ সারোয়ার (৪২), মৃত আব্দুল আজিজের ছেলে মোঃ ছলিম উদ্দিন (৪৮), সলিম উদ্দিনের ছেলে রিফাত (২৫), মৃত ইব্রাহিমের ছেলে মোঃ বিল্লাল হোসেন (৪৫) আব্দুল মান্নানের ছেলে লুৎফর রহমান (৪০), আব্দুল জব্বারের ছেলে মোঃ মুক্তার আলী (৫০), আব্দুল জলিলের স্ত্রী জাহেদা খাতুন, ছেলে মোঃ আনোয়ার (৩৮), আব্দুল কাদেরের ছেলে আবু সাঈদ (৪৮), আবু সাঈদের ছেলে বাবু মিয়া, ফজলে মিয়ার ছেলে মোঃ ছেলিম (৩০) এবং মৃত আব্দুল কুদ্দুসের ছেলে হারুন মিয়া। পুলিশ ও ভুক্তভোগীসূত্রে জানা যায়, ভার্সেন্টাইন ফিসারিজের মালিক শফিউল আলম খানের সাথে অভিযুক্তদের পূর্ব বিরোধ চলে আসছে।
এর প্রেক্ষিতে ফিসারিজের ম্যানেজার মোফাজ্জল হোসেনকে অভিযুক্তরা হুমকি দেয়। পরবর্তীতে গত ২৪ ফেব্রুয়ারী শুক্রবার বিকাল ৪ টার দিকে অভিযুক্তরা রামদা-লাঠিসোটাসহ খামারে প্রবেশ করে ম্যানেজারকে মারধর ও জিম্মি করে খামারের মাছ, গরু, ধমকল, মটর, ফ্রিজ, টিভিসহ খামারের বিভিন্ন সরঞ্জামাদি লুটপাট করে নিয়ে যায়।
এ বিষয়ে ভুক্তভোগী বাদী হয়ে ১৩ মার্চ ময়মনসিংহ দ্রুত বিচার আদালতে মামলা দায়ের করেন। পরে আদালত এ বিষয়ে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য পিবিআইকে আদেশ দেন। এর প্রেক্ষিতে মামলার তদন্ত কর্মকর্তা ও ময়মনসিংহ জেলা পিবিআই’র উপ-পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ নজরুল ইসলাম সরেজমিন তদন্ত শেষে এ প্রতিবেদন দাখিল করে।
পিবিআইসূত্রে জানা যায়, অভিযুক্তদের বিরুদ্ধে ভুক্তভোগীর আনীত অভিযোগ আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ হিসেবে প্রাথমিকভাবে সত্য বলে প্রমাণিত হয়েছে।