বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক: সন্তানকে হারিয়ে পাগল-প্রায় মুন্সিগঞ্জের সদর উপজেলার চর মুক্তারপুর এলাকায় ছুরিকাঘাতে নিহত ব্যবসায়ী ফজল হক দেওয়ানের মা মধুমালা বেগম।
সন্তান হত্যার বিচার চেয়ে ষাটোর্ধ্ব মধুমালা বেগম বলেন, আমার পোলার চার পোলা-মাইয়া। এখন ওগো কে দেখবো। মনে করছিলাম দুপুরে আইসা ভাত খাইবো। শুনি মোশারফে ওর বুকের মধ্যে চাক্কু ঢুকায় দিছে। খাইতে আহনের আগেই আমার পোলারে মাইরালাইলো। ক্যামনে মাইরা ফেললো। আমি ওগো বিচার চাই, ওগো ফাঁসি চাই।
মঙ্গলবার (২৫ জুলাই) বিকেলে ময়নাতদন্ত শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নিহত ফজলের মরদেহ চরমুক্তারপুর এলাকায় আনা হয়। এ সময় মা মধুমালাসহ ফজলের স্ত্রী-সন্তান স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ।
জানা যায়, ভগ্নিপতির দোকানে চাঁদা চাওয়ার প্রতিবাদ করায় সোমবার (২৪ জুলাই) দুপুর ১২টার দিকে বাকবিতণ্ডার এক পর্যায়ে স্থানীয় মাদক ব্যবসায়ী মোশারফ ফজল হকের পেটে ধারালো ছুরি ঢুকিয়ে দেন। গুরুতর আহত অবস্থায় ফজলকে উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিলে উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরতর চিকিৎসক ঢাকায় রেফার করেন। বিকেল ৫টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুজ্জামান বলেন, আসামি মোশারফকে গ্রেফতারের চেষ্টা চলছে। এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।