বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
শাহাদুল ইসলাম সাজু, জয়পুরহাট : মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে বৃহস্পতিবার (৩ আগস্ট) রাত পৌনে ১০ টার সময় জয়পুরহাট সদর উপজেলার দিকলাপাড়া এলাকা থেকে ১০১৮ লিটার চোলাই মদসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশান ব্যাটালিয়ন (র্যাব) জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা।
র্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক সিনিয়র সহকারি পুলিশ সুপার মোঃ রফিকুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, গ্রেফতারকৃত দুই মাদক ব্যবসায়ী হচ্ছেন পরিমল পাহান (৩৮) ও সুনিল পাহান (৪০)। পরিমল ও সুশীল পাহান দীর্ঘদিন ধরে লোকচক্ষুর আড়ালে জয়পুরহাট সদর উপজেলার দিকলা গ্রামের নিজ বাড়িতে চোলাই মদ উৎপাদন করে গ্রামের যুবকদের নিকট ৫০ টাকা ও ১০০ টাকা করে ছোট ছোট বোতলে বিক্রয় করে আসছে।
গোপনে এমন খবর পেয়ে অনুসন্ধ্যান চালায় র্যাবের নিজস্ব গোয়েন্দা বিভাগ। অনুসন্ধ্যানে সত্যতা পেয়ে র্যাব-৫, জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা পরিমলের বাড়িতে অভিযান চালিয়ে ১০১৮ লিটার চোলাই মদসহ পরিমল ও সুনিলকে হাতেনাতে আটক করতে সক্ষম হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে পরিমল ও সুনিল র্যাবকে জানায়, তারা দীর্ঘদিন ধরে নেশা জাতীয় মাদকদ্রব্য চোলাই মদ অবৈধভাবে নিজ বসত বাড়ীতে উৎপাদন করে থাকে। উৎপাদনকৃত চোলাই মদ সংরক্ষনসহ জয়পুরহাট জেলার বিভিন্ন স্থানে মাদকসেবী ও মাদক কারবারীদের নিকট খুচরা ও পাইকারী বিক্রি করে আসছিল। মাদকসেবী ও মাদক কারবারী সিন্ডিকেটের অন্যান্য সদস্যদের ধরতে র্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্পের গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী জয়পুরহাট সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান, র্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক সিনিয়র সহকারি পুলিশ সুপার মোঃ রফিকুল ইসলাম।
অপরদিকে, বৃহস্পতিবার রাত সাড়ে ১০ টার সময় সদর উপজেলার ভাদসা পূর্বপাড়া এলাকায় অভিযান চালিয়ে এক বছরের বিনাশ্রম সাজা প্রাপ্ত আসামী হামিদুল ইসলাম (৩৫) নামে এক ব্যাক্তিকে গ্রেফতার করেছে র্যাব সদস্যরা। হামিদুল স্থানিয় ভাদসা পূর্বপাড়া এলাকার সিরাজ উদ্দিনের ছেলে। গ্রেফতারকৃত আসামী হামিদুলের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করতে জয়পুরহাট সদর থানায় জিডি মূলে হস্তান্তর করা হয়েছে বলেও জানায় র্যাব।