মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন

কক্সবাজারে দুদকের মামলা, বিএনপি নেতা সাবেক চেয়ারম্যান কাদের মাষ্টারের অবৈধ সম্পদের পাহাড়

কক্সবাজারে দুদকের মামলা, বিএনপি নেতা সাবেক চেয়ারম্যান কাদের মাষ্টারের অবৈধ সম্পদের পাহাড়

মনসুর আলম মুন্না (কক্সবাজার):  কক্সবাজারের ঈদগাঁও ইসলামপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল কাদের মাষ্টার। তিনি ঈদগাঁও উপজেলা বিএনপির উপদেষ্টা। দেশের বিভিন্ন জায়গায় অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ পাওয়া গেছে। শুধু অবৈধ সম্পদ নয় অভিযোগ আছে খাল দখল করে স্থাপনা নির্মাণ, নাশকতার নেতৃত্বদানকারী হিসেবেও। বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) বিকেলে তার বিরুদ্ধে দুদকের সহকারী পরিচালক রিয়াজ উদ্দিন বাদী হয়ে মামলা দায়ের করেছেন বলে নিশ্চিত করেছেন পিপি আব্দুর রহিম।

দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় সুত্রে জানা যায়- গেল ১০ নভেম্বর দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়ে দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক মোঃ রিয়াজ উদ্দিন বাদী হয়ে ৪,৭৮,০৪৭ টাকার সম্পদ অর্জনের তথ্য অসদুদ্দেশ্যে গোপনপূর্বক মিথ্যা তথ্য প্রদান করে এবং ৮,০৫,৩৭২ টাকার সম্পদ তার জ্ঞাত আয়ের উৎসের সাথে অসংগতিপূর্ণভাবে অর্জনপূর্বক ভোগ দখলে রেখে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬(২) ও ২৭(১) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করার দায়ে মামলা রুজু হয়। আব্দুল কাদের মাস্টার ৪,৭৮,০৬৭ টাকার লবণ ক্রাশিং মিল এর নির্মাণ ব্যয় বাবদ গোপন করায় তার বিরুদ্ধে ১০ নভেম্বর একটি মামলা রুজু হয়।

দুদকের আইনজীবি আব্দুর রহিম বলেন- শুধু আব্দুল কাদের মাস্টার নয় সকল অবৈধ সম্পদ অর্জনকারীদের বিরুদ্ধে আইনি লড়াই চলবে। কেউ বাদ যাবে না। দুদক তালিকা করে এসব মাফিয়াদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিবে। এই বিষয়ে দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক মোঃ রিয়াজ উদ্দিন বলেন- মামলাটি অধিকতর তদন্তে হচ্ছে। জিজ্ঞাসাবাদসহ তার বিরুদ্ধে যা যা করতে হবে সব করা হবে। ইসলামপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপি নেতা আব্দুল কাদের মাষ্টারের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন- দুদক কি বিষয়ে মামলা করেছে আমি বুঝতে পারছি না। তবে আমি নির্দোষ। খাল দখলের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন- এটি মিথ্যা তথ্য। জমিগুলোর কাগজ আছে। খাল না জমি আমি বুঝি না।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |