মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন
বান্দরবান প্রতিনিধি : বান্দরবান ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে ভারী বৃষ্টিপাতের কারণে বান্দরবানের রুমা-থানচি সড়কের মিলনছড়ি নামকস্থানে একটি বেইলি ব্রিজ দেবে যাওয়ায় বান্দরবানের সঙ্গে রুমা ও থানচি উপজেলায় যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। সোমবার (২৭ মে) রাত থেকে হঠাৎ ভারী বৃষ্টিপাতের পর মঙ্গলবার (২৮ মে) সকাল থেকে ব্রিজটির একপাশে দেবে যায়।ফলে ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।এদিকে ব্রিজটি দেবে যাওয়ায় দুপাশে অসংখ্য যানবাহন আটকা পড়ে যায় এবং ভোগান্তিতে পড়ে এই সড়কে চলাচলরত যাত্রীরা।
স্থানীয়রা জানান, ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে গত রোববার থেকে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে পার্বত্য জেলা বান্দরবানে। এদিকে গত রাতে হঠাৎ বৃষ্টি বেড়ে গেলে প্রবল পানি আর পাহাড়ের মাটির তীব্র স্রোতে রুমা-থানচি সড়কের মিলনছড়ি পুলিশ ক্যাম্প সংলগ্ন বেইলি ব্রিজের একপাশ থেকে মাটি সরে যাওয়ায় ফাটল দেখা দেয়। এতে ব্রিজটি দেবে গেলে রুমা-থানচি সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। বান্দরবান সড়ক ও গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মোসলেহ্ উদ্দীন চৌধুরী জানান, ভারী বৃষ্টির কারণে বেইলি ব্রিজ দেবে যাওয়ার সংবাদ পেয়েছি, সড়কটি বাংলাদেশ সেনাবাহিনীর ২০ ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশনের আওতায় হওয়ায় আমরা তাদের সঙ্গে যোগাযোগ করছি। আশা করছি শিগগিরই এই সেতু মেরামত করে সব ধরনের যান চলাচলের উপযোগী করা হবে।
এদিতে গত কয়েকদিন ধরে বৃষ্টিপাত অব্যাহত থাকা এবং ঘূর্ণিঝড় রিমালের বিষয়ে জানতে চাইলে বান্দরবানের জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন জানান, দুর্যোগ মোকাবিলায় রেড ক্রিসেন্ট সোসাইটি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সসহ স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানগুলোকে সমন্বিত করে কুইক রেসপন্স টিম প্রস্তুতু রাখা হয়।