বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন
মোঃ এনামুল হক, দেবীগঞ্জ (পঞ্চগড়): পঞ্চগড়ের দেবীগঞ্জে ইঁদুর দমন করে পুরস্কার পেয়েছেন শ্যামল কুমার রায় নামে এক প্রান্তিক কৃষক। তিনি জাতীয় ইঁদুর দমন অভিযানে দিনাজপুর অঞ্চলে তৃতীয় স্থান অর্জন করেছেন এবং পঞ্চগড় জেলার মধ্যে একমাত্র তিনিই এই পুরস্কার পেয়েছেন।
রবিবার (৮ ডিসেম্বর) কৃষি সম্প্রসারণ অধিদপ্তর দিনাজপুর অঞ্চলের পক্ষ থেকে দেবীগঞ্জ উপজেলা কৃষিবিদ কর্মকর্তা নাঈম মোর্শেদ তার অফিস কক্ষে আয়োজিত একটি অনাড়ম্বর অনুষ্ঠানে পুরস্কার হিসেবে তাকে একটি সম্মাননা স্মারক, সনদপত্র নগদ অর্থ তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা শেফালী আক্তার, দেবীগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের সভাপতি হরিশ রায়।উপজেলা সুন্দরদিঘী ইউনিয়নের বাবুপাড়া এলাকার মৃত দীপেন্দ্রনাথ রায়ের ছেলে শ্যামল কুমার রায়।
শ্যামল কুমার রায় বলেন, আমি একজন প্রান্তিক কৃষক। গত তিন বছরে দেড় হাজারের বেশি ইঁদুর দমন করেছি। ইঁদুর দমনের জন্য কিছু কৌশল অবলম্বন করে সফল হয়েছি। এবিষয়ে উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নাঈম মোর্শেদ বলেন, শ্যামল কুমার রায় একজন প্রান্তিক কৃষক। স্বল্প খরচে নিজ উদ্যোগে ইঁদুর দমন করেছেন। সেজন্য তাকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর দিনাজপুর অঞ্চলের পক্ষ থেকে সম্মাননা স্মারক, সনদপত্র, পুরষ্কারের নগদ অর্থ হাতে তুলে দেওয়া হয়।