মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন

সিলেট-জকিগঞ্জ সড়কে ঘোষণা ছাড়াই বাস চলাচল বন্ধ

সিলেট-জকিগঞ্জ সড়কে ঘোষণা ছাড়াই বাস চলাচল বন্ধ

আহসান হাবীব লায়েক, জকিগঞ্জ: সিলেট-জকিগঞ্জ সড়কে রোববার বাস চাঁপায় স্কুল ছাত্র নিহতের ঘটনায় বাস ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ এনে পূর্ব ঘোষণা ছাড়াই অনির্দিষ্টকালের জন্য জকিগঞ্জের সবক’টি সড়কে বাস চলাচল বন্ধ রেখেছে পরিবহন শ্রমিকরা।

এতে চরম দূর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীসহ জরুরী কাজে যাতায়াতকারী ব্যক্তিরা।
সোমবার (৩০ ডিসেম্বর) সকাল থেকে সিলেট-জকিগঞ্জ সড়কে সব ধরনের বাস চলাচল বন্ধ রয়েছে বলে পরিবহন শ্রমিক ও যাত্রীরা জানিয়েছেন।

সিলেট জেলা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবদুল মুহিত বাস চলাচল বন্ধ থাকার বিষয়টি নিশ্চিত করে বলেন, রোববার সকালে সিলেট-জকিগঞ্জ সড়কে ফুটবল খেলতে গিয়ে বাস চাঁপায় জকিগঞ্জের একটি স্কুল ছাত্র নিহতের ঘটনায় ছাত্ররা ওই গাড়ি স্কুলে নিয়ে ভাঙ্গচুর ও অগ্নিসংযোগ করেছে। দিনভর সড়ক অবরোধ করে দূর্ঘটনাগ্রস্ত গাড়ি ছাড়াও অন্য গাড়ির যাত্রী নামিয়ে গাড়ি ভাঙচুরের চেষ্টা করেছে। এ ঘটনায় ক্ষুব্ধ বাস চালক ও শ্রমিকরা আজ সকাল থেকে জকিগঞ্জের সব ক’টি সড়কে গাড়ি চলাচল বন্ধ রেখেছে। তারা সুষ্ঠু বিচার না পেলে আগামীকাল থেকে সিলেটের অন্যান্য সড়কেও বাস চলাচল বন্ধ রাখার জন্য দাবী জানিয়ে আসছে।

তবে সাধারণ যাত্রীদের অভিযোগ, সিলেট-জকিগঞ্জ সড়কে তুচ্ছ যে কোন ঘটনার সুত্রধরে বাস মালিক ও শ্রমিকরা গাড়ি বন্ধ করে রাখে কিংবা ধর্মঘটের ডাক দিয়ে বসে। গতকালের ঘটনায় কোন ধরণের পূর্ব ঘোষণা ছাড়াই আজ সকাল থেকে সিলেট-জকিগঞ্জ সড়কে বাস চলাচল বন্ধ রেখেছে। তারা কয়েকদিন পরপর পরিবহন শ্রমিকদের এমন নৈরাজ্য বন্ধে প্রশাসনের শক্ত হস্তক্ষেপ কামনা করে জকিগঞ্জবাসীকে ঐক্যবদ্ধ হয়ে বিকল্প চিন্তার জন্য উদাত্ত আহবান জানান।

এ বিষয়ে জানতে চাইলে জকিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুর রহমান বলেন, জকিগঞ্জ সড়কে বাসচলাচল বন্ধের বিষয়টি জেনে আমি ডিসি স্যারের সাথে যোগাযোগ করেছি। স্যার বিষয়টি নিরসনে উদ্যোগ নিয়েছেন। আশা করি দ্রুত বিষয়টির সমাধান হবে।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |