মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
এম কে আই জাবেদ, মুরাদনগর (কুমিল্লা): কুমিল্লার বাঙ্গরা বাজার থানা পুলিশের অভিযানে ভারতীয় অবৈধ ১৪৫ বস্তা চিনিসহ দুই যুবককে আটক করা হয়েছে। রোববার রাতে মুরাদনগর উপজেলার নবীয়াবাদ এলাকা থেকে ভারত থেকে অবৈধ ভাবে আসা ১৪৫ বস্তা চিনির ২টি পিকআপসহ তাদের আটক করা হয়। আটককৃতরা হলো ব্রাহ্মনবাড়িয়া জেলার কসবা উপজেলার জাজিয়ারা গ্রামের সোহেল মিয়ার ছেলে মো: রনি (২২) এবং কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার রামচন্দ্রপুর গ্রামের নুরুল ইসলামের পুত্র মো: সালাউদ্দিন (৪৭)।
পুলিশ সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জানাযায় ভারত থেকে সীমান্ত পাড় হয়ে অবৈধ ভাবে চিনি বহন করে দুটি পিকআপ রাতে বাঙ্গরা বাজারে আসবে। অফিসার ইনচার্জ মোঃ মাহফুজুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ নবীয়াবাদ এলাকায় চেকপোষ্ট বসায়। এসময় সন্দেহভাজন দুটি পিকআপ গাড়িতে তল্লাশী চালিয়ে ১৪৫ বস্তা ভারতীয় অবৈধ চিনি উদ্ধার করে।
যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৯ লাখ টাকা। তবে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যাক্তি জানায়, প্রতিদিন বাঙ্গরা বাজার হয়ে প্রায় অর্ধকোটি টাকার ভারতীয় অবৈধ চিনি পাচার হয় উপজেলার মালাই বাঙ্গরা, রামচন্দ্রপুর সহ পার্শ্ববর্তী উপজেলার হোমনা ও বাঞ্চারামপুর। আমদানি রাজস্ব ফাঁকি দিয়ে অবৈধ পদে চিনি ব্যবসায়ীরা প্রশাসনের বিভিন্ন জায়গায় মাসোয়ারা দিয়ে প্রতিনিয়ত এই অবৈধ ব্যবসা পরিচালনা করে আসছেন বলে জানা যায়।
এ বিষয়ে বাঙ্গরা বাজার থানার অফিসার ইনচার্জ মাহফুজুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ১৪৫ বস্তা ভারতীয় চিনি ও দুটি পিকআপ সহ দুজনকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মামলা হয়েছে এবং সোমবার কুমিল্লা বিজ্ঞ আদালতের মাধ্যমে আসামিদের কারাগারে প্রেরন করা হয়েছে। এছাড়াও যারা এই অবৈধ চিনির ব্যবসার সাথে জড়িত তারে বিরুদ্ধে পুলিশ তদন্ত করছেন। জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।