বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন

দ্বাদশ সংসদ নির্বাচন: কুড়িগ্রাম -৪   আ.লীগ-বিএনপিতে প্রার্থীর ছড়াছড়ি, জাপায় একক

দ্বাদশ সংসদ নির্বাচন: কুড়িগ্রাম -৪   আ.লীগ-বিএনপিতে প্রার্থীর ছড়াছড়ি, জাপায় একক

সাকিব আল হাসান রুবেল: 
সারা দেশের মতো কুড়িগ্রাম -৪ আসনেও বইছে নির্বাচনী হাওয়া। রৌমারী, রাজীবপুর, চিলমারী উপজেলার অষ্টমীরচর ইউনিয়ন ও নয়ারহাট ইউনিয়ন এবং উলিপুর উপজেলার সাহেবের আলগা ইউনিয়ন নিয়ে কুড়িগ্রাম- ৪ আসন গঠিত। আগামী জাতীয় সংসদ নির্বাচনের আরো ১২/১৩ মাস বাকি। এরে মধ্যে মনোনয়ন প্রত্যাশীদের তৎপরতা  শুরু হয়েছে জোরেশোরেই। এক সময় এই আসনটি জাতীয় পার্টির শক্ত ঘাটি হিসাবে পরিচিত থাকলেও ২০১৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনের পর থেকে এটি আওয়ামী লীগের দখলে চলে যায়।
২০১৪ সালে নৌকাকে হারিয়ে বিজয়ী হন আনোয়ার হোসেন মঞ্জুর জাতীয় পার্টির (জেপি) রুহুল আমিন (সাইকেল মার্কা)। আবার ২০১৮ সালে সাইকেল মার্কাকে হানা দিয়ে বিজয় ছিনিয়ে নেন আওয়ামী লীগের জাকির হোসেন। অন্যদিকে জাতীয় পার্টি চায় আসনটি পুনরুদ্ধার। নির্বাচনকে সামনে রেখে  এর মধ্যেই তিন দল মাঠে নেমে পড়েছে। আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে যাদের নাম শোনা যাচ্ছে তারা হলেন,  বর্তমান সাংসদ সদস্য ও প্রাথমিক  ও গনশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন, রৌমারী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মজিবুর রহমান বঙ্গবাসী, রাজীবপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিউল আলম, কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা সাইফুল ইসলাম ও বিপ্লব হাসান পলাশ, অধ্যক্ষ ফজলুল হক মনি, অ্যাডভোকেট মাছুম ইকবাল, রৌমারী মুক্তিযোদ্ধা কমান্ডার ও বন্দবেড় ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুল কাদের, চরবন্দু হাজী মুরাদ লতিফ ও সাবেক ইউপি চেয়ারম্যান ফজলুল হক মন্ডল।
এদিকে বিএনপির সম্ভাব্য প্রার্থীদের মধ্যে শীর্ষে রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মমতাজ হোসাইন লিপি, রৌমারী উপজেলা বিএনপির সভাপতি আজিজুর রহমান ও রাজীবপুর উপজেলা বিএনপির সভাপতি মোখলেছুর রহমান। অন্যদিকে জাতীয় পার্টির ( জাপা) মনোনয়ন প্রত্যাশা করেছেন অধ্যক্ষ ইউনুস আলী। তিনিও মনোনয়ন পাওয়ার আশায় দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে কেন্দ্রের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছেন।
 সরেজমিনে খোঁজখবর নিয়ে দেখা গেছে, দলগুলোতে মনোনয়ন প্রত্যাশী ডজনের বেশী থাকলেও হাতে গোনা কয়েকজন মাঠ চষে বেড়াচ্ছেন। আ,লীগের মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে মাঠে আছেন রৌমারী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মজিবুর রহমান বঙ্গবাসী। তিনি একাধিকবার যাদুরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন। উপজেলা পরিষদের নির্বাচনে নির্বাচিত হয়ে তার জনপ্রিয়তা প্রমাণ করেছেন। তিনি বলেন, আওয়ামী লীগের কিছু নেতাকর্মী আমাকে ভাল না বাসলেও সাধারণ মানুষ আমাকে ভালোবাসে। রাজীবপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান শফিউল আলম বলেন,ছাত্র জীবন থেকে রাজনীতি করছি। আশা করি দল আমাকে মনোনয়ন দিবে। আশা করি মনোনয়ন পেলে জননেত্রী শেখ হাসিনাকে এ আসনটি উপহার দিব।নির্বাচন সামনে রেখে মাঠ গরম করে তুলছেন সাবেক মন্ত্রী মরহুম আবদুর রাজ্জাকের শ্যালক মুরাদ লতিফ। তিনি এলাকায় ‘চরবন্ধু’ হিসেবে খ্যাত।
চরে বসবাস থেকে শুরু করে তাদের সঙ্গে ওঠাবসাসহ তাদের সুখ-দুঃখে পাশে থাকার কারণে স্থানীয়ভাবে তাকে এ টাইটেল দেয়া হয়। জানতে চাইলে মুরাদ লতিফ বলেন, আসনটি চর, দ্বীপচর নিয়ে গঠিত। চরের অধিকাংশ মানুষ আমাকে ভালোবাসে। নদী এ অঞ্চলের প্রধান দুঃখ। ২০০১ সালে আবদুর রাজ্জাক পানিসম্পদমন্ত্রী থাকাকালে আমি সাড়ে ৯ কোটি টাকার রাজীবপুর শহররক্ষা বাঁধ প্রকল্প বাস্তবায়ন করি। এ ছাড়া চিলমারী বন্দর রক্ষা প্রকল্পসহ আরো কিছু খাতে প্রায় ৪০ কোটি টাকার কাজ করি। মনোনয়ন পেলে আসনটি পুনরুদ্ধার করতে পারব। এ লক্ষ্যে কাজ করে যাচ্ছি।সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা ও রৌমারী আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম মাঠ চষে বেড়াচ্ছেন। তারুণ্যদীপ্ত নেতৃত্বের মাধ্যমে সমাজবদলের অঙ্গীকার ব্যক্ত করে সাইফুল ইসলাম বলেন, গোটা এলাকায় আমি মাটি ও মানুষের সঙ্গে মিলেমিশে কাজ করছি। বঙ্গবন্ধুর একজন সৈনিক হিসেবে আরও কাজ করতে চাই।
আগে ছাত্ররাজনীতির সঙ্গে নিজেকে নিয়োজিত রাখলেও এখন মূল দলের হয়ে কাজ করছি। মানুষের ভালোবাসাই আমার প্রেরণার উৎস। বিগত বছরগুলোতে ২০ দলীয় জোট থেকে এ আসনে প্রার্থী দিয়ে আসছিল জামায়াতে ইসলাম। তবে ইসির নিবন্ধন না থাকায় আগামী নির্বাচনে জামায়াত নিজ দল থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে না। এ ছাড়া জোটের প্রধান শরিক বিএনপির স্থানীয় নেতারাও চান না এখানে জামায়াতের প্রার্থী।রাজীবপুর উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক মোখলেছুর রহমান বলেন, দলের নেতাকর্মীরা আর জামায়াতের প্রার্থী দেখতে চায় না। এ আসনে বিএনপির প্রচুর ভোট রয়েছে। জোট থেকে বিএনপির প্রার্থী দিলে বিজয় ছিনিয়ে আনা সম্ভব।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |