বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন

ছিনতাইয়ের হাত থেকে বেঁচে আছেন শুকরিয়া, অবশেষে সেই ওসি প্রত্যাহার

ছিনতাইয়ের হাত থেকে বেঁচে আছেন শুকরিয়া, অবশেষে সেই ওসি প্রত্যাহার

পি কাগজ  ডেস্ক:

ছিনতাইয়ের অভিযোগ দিতে গেলে ‘বেঁচে আছেন, এই শুকরিয়া করে বাড়ি চলে যান’ বলা নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদারকে থানার দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। নতুন ওসি হিসেবে তার স্থলাভিষিক্ত হয়েছেন আবুল কাশেম ভূঁইয়া।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ফারিয়া আফরোজ বিষয়টি নিশ্চিত করেছেন। অতিরিক্ত পুলিশ সুপার ফারিয়া আফরোজ জানান, প্রশাসনিক কারণে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে শুক্রবার রাতে নরসিংদী মডেল থানার ওসির দায়িত্ব থেকে মো. ফিরোজ তালুকদারকে প্রত্যাহার করা হয়েছে। তাকে জেলা পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। নতুন ওসি আবুল কাশেম ভূঁইয়া এরই মধ্যে তার দায়িত্ব বুঝে নিয়েছেন।

জানা যায়, ১০ সেপ্টেম্বর রাতে বাসের টিকিট না পেয়ে কিশোরগঞ্জের ভৈরব থেকে প্রাইভেট কারে ঢাকায় আসছিলেন একটি বেসরকারি ব্যাংকের কর্মকর্তা আল-মামুন। এ সময় যাত্রীবেশে থাকা ৪ ছিনতাইকারী গলায় ছুরি ধরে পকেটে থাকা মোবাইল ফোন, মানিব্যাগ সহ সবকিছু কেড়ে নেয়। গাড়িটি নরসিংদীতে আসার পর তার হাত-পা ও চোখ বেঁধে, পরে গাড়ি থেকে নামিয়ে দেয়। হত্যার হুমকি দিয়ে মানিব্যাগে থাকা ব্যাংক কার্ডের পিন নাম্বার যান। পরে ছিনতাইকারী দল পার্শ্ববর্তী একটি ব্যাংকের বুথ থেকে ১ লাখ ৯১ হাজার টাকা তুলে নেয়।

ব্যাঙ্ক কর্মকর্তা আল-মামুন এক নিরাপত্তাকর্মীর মোবাইল ফোন থেকে জাতীয় জরুরি সেবা নম্বরে (৯৯৯) ফোন করেন। পরে তার ফোন পেয়ে নরসিংদী মডেল ও মাধবদী থানার পুলিশ সদস্যরা ঘটনাস্থলে আসেন। দুই থানার পুলিশ সদস্যরা কথা বলে তাকে মাধবদী থানায় নিয়ে যান। কিন্তু থানায় কোনো অভিযোগ না নিয়ে তাকে ঢাকার একটি বাসে তুলে দেন।

ঘটনার চার দিন পর এ বিষয়ে একটি লিখিত অভিযোগ নিয়ে আবারো তিনি নরসিংদীতে যান । অভিযোগ পড়ে নরসিংদী মডেল থানার ওসি বলেন, আপনি ব্যাংকে চাকরি করেন, এই ভুল কেমনে করলেন? বেঁচে আছেন, এই শুকরিয়া করে বাড়ি চলে যান। প্রত্যাহারের বিষয়ে জানতে ফোন করে নরসিংদী মডেল থানার ওসি ফিরোজ তালুকদারকে পাওয়া যায়নি।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |