সোমবার, ০২ মার্চ ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
খাগড়াছড়ি প্রতিনিধি : সরকার ঘোষিত ঘরে ঘরে বিদ্যুৎ বিতরণ এ কার্যক্রমের অংশ হিসেবে পার্বত্য চট্টগ্রামের প্রত্যন্ত এলাকায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড কর্তৃক সোলার প্যানেল স্থাপনের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ কর্মসুচির খাগড়াছড়ি জেলার সোলার প্যানেল হোম সিস্টেমে আলোকিত হতে যাচ্ছে ১৮২৮ টি পরিবার। ২৫মে বৃহস্পতিবার পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের প্রত্যান্ত এলাকা আলোকিত করতে একটি প্রকল্পের আওতায় গুইমারা উপজেলায় দ্বিতীয় পর্যায়ে ৩৭৫ পরিবারকে সোলার প্যানেল বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবু কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি, বিশেষ অতিথি হিসেবে খাগড়াছড়ি জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কংজরী চৌধুরী, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সদস্য-বাস্তবায়ন (উপ-সচিব) মোহাম্মদ হারুন অর রশীদ, জেলা পরিষদ সদস্য কল্যাণ মিত্র বড়ুয়া, গুইমারা উপজেলা চেয়ারম্যান মেমং মারমা, গুইমারা ইউপি চেয়ারম্যান নির্মল নারায়ণ ত্রিপুরা বক্তব্য রাখেন। প্রধান অতিথির বক্তব্যে কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি বলেন, পার্বত্য চট্টগ্রামের যে সমস্ত দুর্গম এলাকায় বিদ্যুৎ সরবরাহ সম্ভব নয়, সেসব এলাকায় বিদ্যুতায়নের অংশ হিসেবে সোলার হোম সিস্টেম প্রকল্প চালু করা হয়েছে।
এটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার পার্বত্য অঞ্চলের পিছিয়েপড়া জনগোষ্ঠীর প্রতি ভালোবাসার প্রতীক। তিনি আরো বলেন, প্রধানমন্ত্রীর স্বপ্নের বাংলাদেশকে স্মার্ট দেশ হিসেবে গড়ে তুলতে সুশিক্ষায় শিক্ষিত হয়ে আমাদেরকেও স্মার্ট নাগরিক হতে হবে।বিদ্যুৎ বিহীন দুর্গম এলাকায় এখন সবার ঘরে ঘরে অন্ধকার কাটিয়ে আলোকিত হবে পাড়া, এমনই প্রত্যাশা স্থানীয়দেরও।