মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন
সন্দ্বীপ প্রতিনিধি: চট্টগ্রামের সন্দ্বীপে ২৫ মে উপজেলা চেয়ারম্যান পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী মাঈন উদ্দিন ওরফে মিশন। নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো: জাহাঙ্গীর হোসাইন জানান, সন্দ্বীপে ২৫ মে উপজেলা চেয়ারম্যান পদে উপ-নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে।এ নির্বাচনে মোট ৮৬ কেন্দ্রে মাঈন উদ্দিন নৌকা প্রতীকে ২৭ হাজার ৬১২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্ধী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী রফিকুল ইসলাম আনারস প্রতীকে পেয়েছেন ১৬ হাজার ৫১৩ ভোট।
এ ছাড়া জাসদ নেতা আবুল কাশেম মশাল প্রতীক নিয়ে পেয়েছেন ৭৩ ভোট ও স্বতন্ত্র প্রার্থী মশিউর রহমান দোয়াত কলম প্রতীকে ৮৬ ভোট পেয়েছেন। অবশ্য জাসদ নির্বাচনের আগেই ২৩ মে সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী রফিকুল ইসলামকে সমর্থন দিয়ে প্রার্থীতা প্রত্যাহারের ঘোষণা দেয়। রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, নির্বাচনে মোট ভোট পড়েছে ৪৪ হাজার ৬৯৩টি, যা মোট ভোটারের ১৮ দশমিক ৬৫ শতাংশ।
এর মধ্যে ৪০৯টি ভোট বাতিল হয়েছে। নির্বাচন পরবর্তী গতকাল ৩ জুন শনিবার দুপুর সাড়ে ১২টায় সংবাদ সম্মেলন ডাকে সন্দ্বীপ উপজেলা জাসদ। উপজেলার একটি রেস্টুরেন্টে ডাকা সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পেশ করেন সংগঠনের সাধারণ সম্পাদক আতাউল হাকিম। লিখিত বক্তব্যে ২৭ কেন্দ্রে জাল ভোট ও ওপেন সীল মারার অভিযোগ তুলেন। এছাড়াও নির্বাচন পরবর্তী গাছুয়া, কালাপানিয়া ও সারিকাইত ইউনিয়নে সহিংসতার জন্য উদ্বেগ প্রকাশ করেন। এসময় উপস্থিত ছিলেন দলটির কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি নুরুল আকতার, বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম মাহমুূদ, বীর মুক্তিযোদ্ধা মাইনুর রহমান, জাসদ নেতা রফিকুল ইসলাম সহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ।