মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০১:২৪ অপরাহ্ন

সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত জারি, পর্যটকদের সেন্টমার্টিন ছাড়ার নির্দেশ

সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত জারি, পর্যটকদের সেন্টমার্টিন ছাড়ার নির্দেশ

সংকেত
ফাইল ছবি

মনসুর আলম মুন্না,কক্সবাজার: বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের কারণে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। ফলে টেকনাফ-সেন্টমার্টিন, সেন্টমার্টিন-কক্সবাজার ও সেন্টমার্টিন-চট্টগ্রাম এই তিন নৌপথে চলাচলকারী সব ধরনের পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ করে দিয়েছে।

দ্বীপে বেড়াতে যাওয়া পর্যটকদের দুপুর আড়াইটার মধ্যে সেন্ট মার্টিন ছাড়ার নির্দেশ দিয়েছে উপজেলা প্রশাসন। এর আগে টেকনাফ দমদমিয়া ঘাটি থেকে পর্যটক নিয়ে জাহাজ ছেড়ে যায়।

বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আদনান চৌধুরী।

আরও পড়ুন: চট্টগ্রামে বঙ্গবন্ধু টানেল উদ্বোধনের সেজেছে নতুন রূপে

তিনি জানান, বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপের প্রভাবে দেশের সকল সমুদ্র বন্দরে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

তিনি আরও জানান, বিপদ এড়াতে পর্যটকদের দুপুর আড়াইটার মধ্যে সেন্টমার্টিন ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। টেকনাফ থেকে যাওয়া জাহাজ দ্বীপে থাকা সব পর্যটক নিয়ে ফিরে আসবেন।

আবহাওয়া অধিদপ্তর এক বিজ্ঞপ্তিতে বলেছেন, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি সামান্য উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে।

নিম্নচাপটি সোমবার দুপুর ১২টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৭৫৫ কি. মি. পশ্চিম-দক্ষিণপশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৭১০ কি. মি. পশ্চিম-দক্ষিণপশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ৬৩০ কি.মি. দক্ষিণপশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৬৩০ কি.মি. দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল।

নিম্নচাপটি আরো উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর ও ঘনীভূত হতে পারে। গভীর নিম্নচাপ কেন্দ্রের ৪৮ কি.মি. এর মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৫০ কি.মি. যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে ৬০ কি.মি. পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে।

প্রতিদিনের কাগজ

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |