বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন
নিজস্ব সংবাদদাতা : ময়মনসিংহের ত্রিশাল প্রেসক্লাবের সদস্য মাসুদ মিয়ার ওপর ত্রিশাল পৌরসভার ৬ নং ওয়ার্ডের কাউন্সিলর আলমের নেতৃত্বে তার বাহিনী নিয়ে বর্বরোচিত হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ত্রিশাল প্রেসক্লাব। আজ (২৩ শে মার্চ) সন্ধ্যায় ত্রিশাল প্রেসক্লাবের আহ্বায়ক অধ্যাপক মুহাম্মদ আলমগীর কবীর ও সদস্য সচিব খায়রুল আলম রফিক এক যৌথ বিবৃতিতে এ নিন্দা ও প্রতিবাদ জানান।
একই সাথে হামলায় জড়িত কাউন্সিলর আলমকে স্থায়ী বহিষ্কারসহ গ্রেফতারের দাবি জানিয়েছে সংগঠনটির নেতৃবৃন্দ। বিবৃতিতে ত্রিশাল প্রেসক্লাব নেতৃবৃন্দ বলেন, সাংবাদিক মাসুদের স্ত্রী সন্ধ্যায় টেলিফোন করে আমাদের জানিয়েছেন ত্রিশাল পৌরসভার ৬ নং ওয়ার্ডের কাউন্সিলর আলমের নেতৃত্বে আজ (২৩ শে মার্চ) সন্ধ্যায় তাদের বসতবাড়িতে এসে অতর্কিত সন্ত্রাসী হামলা চালানো হয়। এ সময় সাংবাদিক মাসুদ মিয়াসহ পরিবারের পাঁচজন আহত হয়। কাউন্সিলর আলমসহ সন্ত্রাসী বাহিনীরা মাসুদের উপর বর্বরোচিত হামলা চালায়। নেতৃবৃন্দ বলেন, হামলার সময় কাউন্সিলর আলমসহ সন্ত্রাসীরা ওই সাংবাদিককে পরিকল্পিতভাবে হত্যা করার চেষ্টা চালায়।
যৌথ বিবৃতিতে সাংবাদিক নেতৃবৃন্দ আরও বলেন, সাংবাদিকদের উপর হামলা, মারধর ও হুমকি দেয়া সংবাদপত্রের স্বাধীনতার উপর হস্তক্ষেপের শামিল। অতীতে বিভিন্ন সময়েও এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি আমরা লক্ষ্য করেছি। আজকের এ ঘটনা তারই ধারাবাহিকতার অংশ। সাংবাদিকদের উপর হামলা ও হুমকি দেয়া এ ধরনের ঘটনা মুক্ত সাংবাদিকতার অন্তরায়। আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সেই সাথে সংবাদকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের প্রতি জোর দাবি জানাচ্ছি।