মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
আলআমিন কবির, সোনারগাঁও (নারায়ণগঞ্জ): সোনারগাঁ থানা বিএনপির দুই গ্রুপের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনায় উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত বিজয় মেলা পণ্ড হয়ে গেছে। রোববার (১৬ ডিসেম্বর) ১১টার দিকে এই ঘটনা ঘটে। সংঘর্ষে দুই পক্ষের বেশ কয়েকজন আহত হন। আহতদের সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
জানা যায়, সোনারগাঁ থানা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান ও তার সমর্থকরা সকালে উপজেলার উদ্ধবগঞ্জ বাজারের শহিদুল্লাহ প্লাজায় জড়ো হন। মান্নান ও মোশাররফ হোসেনের নেতৃত্বে একটি বিজয় মিছিল নিয়ে তারা উপজেলা চত্বরে প্রবেশ করেন। এসময় সেখানে আগে থেকে অবস্থান করা বিএনপির সাবেক মন্ত্রী রেজাউল করিমের সমর্থকদের সাথে তাদের ধাক্কাধাক্কি শুরু হয়।
একপর্যায়ে ধাক্কাধাক্কি হাতাহাতি ও পরে সংঘর্ষে রূপ নেয়। দুই পক্ষের মধ্যে ইট-পাটকেল নিক্ষেপে বেশ কয়েকজন গুরুতর আহত হন।
সংঘর্ষের খবর পেয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর বারী পুলিশ নিয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তবে এই সংঘর্ষের কারণে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত বিজয় মেলা বাতিল করতে বাধ্য হয় আয়োজকরা।
এ ঘটনায় উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে প্রশাসন।
এ বিষয়ে মান্নান সমর্থকরা জানান, থানা বিএনপি সাবেক যুবদল নেতা নোবেলের নেতৃত্বে তাদের উপর হামলা চালানো হয়েছে।
অপরদিকে, থানা যুবদলের যুগ্ন আহবায়ক নুরে আলম ইয়াসিন নোবেল জানান, সে রেজাউল করিমের পক্ষে বিজয় র্যালীতে অংশ গ্রহন করায় মান্নানের লোকজন তাকে ও তার ভাই কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ন সম্পাদক আনোয়ার, শাহ আলম, রুবেল খাঁন, শাহ পরান ও শ্ভুপুরা যুবদল নেতা আতাউরের উপর হামলা করে তাদের পিটিয়ে মাথা ফাটিয়ে দিয়েছে। বর্তমানে তারা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীর রয়েছেন।