মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন
এম মহাসিন মিয়া, খাগড়াছড়ি: খাগড়াছড়িতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট (কেএনএসআই) এর উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষ্যে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও পাহাড়ের বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ব্যান্ড শিল্পীদের মনোমুগ্ধকর বিজয় কনসার্ট অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সন্ধ্যায় খাগড়াছড়ি সদরের নারানখাইয়া এলাকায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট প্রাঙ্গণে এ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে ইনস্টিটিউটের পরিচালক ঞ্যোহ্লা মং এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, বিজয় দিবস জাতির জন্য চিরগৌরবময় অবিস্মরণীয় একটি দিন। স্বাধীন জাতি হিসেবে আত্মপ্রকাশ ও পৃথিবীর মানচিত্রে সার্বভৌম দেশ হিসেবে বাংলাদেশের অভ্যুদয়ের আলোকোজ্জ্বল দিন আজ। তবে একই সঙ্গে দিনটি গভীর বেদনারও। দেশ-জাতিকে পরাধীনতার নিগড়মুক্ত করতে অকাতরে জীবন উৎসর্গ করেছিলেন বাংলা মায়ের লাখো বীর সন্তানেরা। অগণিত মা-বোন তাঁদের সম্ভ্রম হারিয়েছেন। জানমালের ক্ষতি হয়েছে অপরিমেয়। কৃতজ্ঞ জাতি আজ এই বিজয়ের আনন্দের দিনে গভীর শোক ও শ্রদ্ধায় স্মরণ করবে আত্মদানকারী সেই শহীদদের। স্মরণ করবে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদেরকে।
আলোচনা সভা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পরে অত্র প্রতিষ্ঠানের শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও স্থানীয় ব্যান্ড “মেজাং ব্যান্ড”, বান্দরবানের জনপ্রিয় ব্যান্ড ” চিম্বুক ব্যান্ড” ও রাঙ্গামাটির জনপ্রিয় ব্যান্ড “সাইক্লোন ব্যান্ড” এর পরিবেশনায় মনোমুগ্ধকর বিজয় কনসার্ট অনুষ্ঠিত হয়।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের সদস্য নিটোল মনি চাকমা, ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটের উপ-পরিচালক জীতেন চাকমা সহ আরও অনেকেই।
এম মহাসিন মিয়া
খাগড়াছড়ি প্রতিনিধি।।