মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন

ময়মনসিংহে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও মাদক উদ্ধার

ময়মনসিংহে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও মাদক উদ্ধার

রেজাউল করিম রেজা: ময়মনসিংহের একটি সরকারি প্রতিষ্ঠান থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও মাদক উদ্ধার করেছে পুলিশ। রোববার মধ্যরাতে নগরীর মাসকান্দা এলাকার মৎস্য বীজ উৎপাদন খামারের নৈশপ্রহরীর কক্ষ থেকে এসব অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়।

আজ সোমবার দুপুরে কোতোয়ালি মডেল থানার হলরুমে এক সংবাদ সম্মেলনে রেঞ্জ পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. আশরাফুর রহমান বলেন, নিষিদ্ধ রাজনৈতিক দলের নেতা–কর্মীরা এসব অস্ত্র ও মাদক সেখানে সংরক্ষণ করেছিল। তারা মাদক সেবন করে এই অস্ত্র দিয়ে ছাত্র-জনতার ওপর ব্যবহার করে আন্দোলন দমানোর চেষ্টা করেছিল। বিভিন্ন জায়গায় আরও অনেক অস্ত্র রয়েছে। সেগুলো কারা কীভাবে ব্যবহার করেছিল আপনারা আমরা সকলেই জানি।

ডিআইজি আশরাফুর আরও বলেন, ৫ আগস্টের প্রেক্ষাপটে পুলিশের চার শতাধিক অস্ত্র লুটপাট ও চুরি হয়েছে। ওই সময় ফ্যাসিস্ট রাজনৈতিক দলের হেলমেট বাহিনী যে সব অস্ত্র নিয়ে জনসাধারণের ওপর হামলা চালিয়েছিল সে সব অস্ত্র বিভিন্ন স্থানে লুকায়িত আছে। সেগুলো উদ্ধারে সবার সহযোগিতা প্রয়োজন।

এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার কাজী আকতার উল আলম, অতিরিক্ত পুলিশ সুপার শামীম হোসেন, কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সফিকুল ইসলাম খানসহ অন্যরা।

গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রোববার মধ্যরাতে পুলিশ অভিযান চালিয়ে মৎস্য বীজ উৎপাদন খামারের মাস্টাররোলের কর্মচারী নৈশপ্রহরী হৃদয় মিয়ার শোয়ারকক্ষ থেকে দুটি বিদেশি পিস্তল, একটি এয়ারগান, বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র বিদেশি মদ, ফেনসিডিল ও গাঁজা উদ্ধার। অভিযানে নৈশপ্রহরী হৃদয় মিয়াকে পাওয়া না গেলেও তার স্ত্রী ফারজানা শান্তাকে (৩৫) আটক করে পুলিশ। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মাদক ও অস্ত্র আইনে দুটি মামলা দায়ের করেছে।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |