মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন
চয়ন আহমেদ, কুষ্টিয়াঃ কুষ্টিয়া শহরের দুটি মোবাইলের দোকান থেকে প্রায় ৯০ লাখ টাকার মোবাইল চুরির ঘটনা ঘটেছে। তমিজ উদ্দিন সুপার মার্কেটে শনিবার (২৮ ডিসেম্বর) রাতে দোকান বন্ধ করে যাওয়ার পরে আর এস টেলিকম ও এক্সচেঞ্জার মোবাইল দোকোনে এ ঘটনা ঘটে। ঘটনার সংবাদে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
জানা যায়, প্রতিদিনের ন্যায় তারা মোবাইলের দোকান রাত ১০টার দিকে বন্ধ করে বাসায় ফিরে যান। পর দিন রবিবার (২৯ ডিসেম্বর) সকাল ১০টার দিকে দোকানের সাটার খুলে দেখেন দোকানে থাকা সকল মোবাইল উধাও। সিসি টিভি ফুটেজে দেখা যায় সকাল ৮টার পর এ ঘটনা ঘটে। এই চোর চক্রের সাথে ১৫ থেকে ২০ জন রয়েছে।
এ বিষয়ে আর এস টেলিকমের মালিক সবুজ জানান, প্রতিদিনের ন্যায় দোকান খোলার সময় একটি সাটারের তালা খুলতে ব্যর্থ হন। পরে অন্য সাটার গুলোর তালা দ্রুত খুলে দেখেন দামী ব্রান্ডের নতুন মোবাইল উধাও। তিনি জানান, মোবাইল চুরির ঘটনায় প্রায় ২৫ থেকে ৩০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।
এক্সচেঞ্জার মোবাইল দোকানের মালিক রাশেদ মালিথা জানান, আমার দোকানের কর্মচারী সকালে দোকান খুলে দেখে, সকল মোবাইল উধাও। তিনি আরো জানান, এ ঘটনায় প্রায় ৫৫ থেকে ৬০লাখ টাকার ক্ষতি হয়েছে।
এদিকে সিসি টিভি ফুটেজে দেখা যায়, মুখে মাক্স পরিহিত এক ব্যক্তি দোকানের ভিতরে, কালো ব্যাগের ভিতর মোবাইল গুলো ঢুকাচ্ছে। দোকানের বাইরে মার্কেটের সিজি ফুটজে দেখা মেলে চোর চক্রের আরো তিন জন সদস্যকে পাহারায় থাকতে। মোবাইল ফোনগুলো নিয়ে পালিয়ে যাওয়ার দৃশ্যও সিসি ফুটেজে ধরা পড়ে। তবে এক্সচেঞ্জার মোবাইল দোকানের দোকানের ভেতরে থাকা সিসি টিভি ফুটেজের হার্ডডিস্ক এবং মেমরীকার্ড গুলো নষ্ট করে দিয়েছে।
এবিষয়ে কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেহাবুর রহমান জানান, শহরের পাঁচ রাস্তার মোড়ে দুটি মোবাইলের দোকানে চুরির সংবাদ পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। তবে ঘটনার বিষয়ে তদন্ত সাপেক্ষে চোর চক্র সনাক্ত হলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।