মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
রাশেদুল ইসলাম আপেল, নীলফামারী: নীলফামারীতে ২০১৪ সালে র্যাবের ক্রসফায়ারে নিহত শহীদ গোলাম রাব্বানীর পরিবারের জন্য নব-নির্মিত বাড়ির চাবি হস্তান্তর এবং চব্বিশের গণ-অভ্যুত্থানে শহীদ পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেছে বিএনপি।
সোমবার বিকালে নীলফামারী সদর উপজেলার লক্ষিছাপ ইউনিয়নের দূবাছড়ি মাদ্র্যাসা মাঠে র্যাবের ক্রস ফায়ারে নিহত বিএনপি নেতা গোলাম রব্বানীর পরিবারের কাছে নবনির্মিত বাড়ির চাবি হস্তান্তর ও জনসভায় ভার্চুয়ালী প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আমরা বিএনপি পরিবার এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান।
আমরা বিএনপির পরিবার এর আহবায়ক আতিকুর রহমান রুমনের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব ও আমরা বিএনপি পরিবারের প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু, কোষাধ্যক্ষ হাবিবুর রহমান মিল্লাতসহ কেন্দ্রীয় ও জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেত্রীবৃন্দ।
অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন, আজকে মানুষের প্রত্যাশার একটি পরিবর্তন, সেই পরিবর্তনে অন্তর্বর্তীকালীন সরকারকে বিএনপি নানা ভাবে নানা দিক থেকে সমর্থন করেছে। কিন্তু এই সরকার যদি কোনো একটি দিকে হেলে যান তাহলে এই সরকারকে জনগণ মেনে নেবে না।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আমরা বিএনপি পরিবার এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান ভার্চুয়াল বক্তব্যে বলেন, গত ১৬ বছরে যে স্বৈরাচার বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে সেই স্বৈরাচার এরকম হাজারো গোলাম রব্বানিকে হত্যা করেছে এবং লক্ষ লক্ষ পরিবারকে নির্যাতিত করেছে। এই পলাতক স্বৈরাচার পালিয়ে যাওয়ার আগে প্রায় ২হাজারের মতো মানুষকে হত্যা করেছে। পালিয়ে যাওয়ার কয়েকদিন আগেও ক্ষমতা ধরে রাখতে প্রায় ৩০ হাজারের কাছাকাছি মানুষকে বিভিন্ন ভাবে জখম ও নির্যাতন করেছে।
তারেক রহমান আরও বলেন চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, গত ১৭ বছরে আওয়ামী লীগ ভোটের নামে তামাশা করেছে। এখন আওয়ামী লীগ নাই। আমাদের সুষ্ঠু ভোটের পরিবেশ ফিরিয়ে আনতে হবে। জনগন তাদের ভোটাধিকার প্রয়োগ করে সরকার নির্বাচিত করবেন। সেই সরকার কৃষকের, শ্রমিকের, ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষক, তথা জনগনের স্বার্থে, জনগণের পক্ষে, দেশের পক্ষে কাজ করবে।
পরিবারের পক্ষ থেকে র্যাবের গুলিতে নিহত রব্বানীর মেয়ে রওনক জাহান রিক্তা বলেন, ২০১৪ সালে আওয়ামীলীগের সন্ত্রাসীরা নির্মমভাবে হত্যা করেছে। ১১ বছর যাবত তারেক রহমান আমাদের খোঁজখবর নিয়েছেন। শহীদ গোলাম রব্বানীকে স্মরণীয় করে রাখতে বিএনপির নেতাকর্মী ও সরকারের নিকট রব্বানীর নামে শিক্ষা প্রতিষ্ঠান বা হাসপাতাল নির্মানের দাবী জানান তার মেয়ে।
অনুষ্ঠান শেষে নীলফামারীতে র্যাবের ক্রসফায়ারে শহীদ গোলাম রাব্বানীর পরিবারের জন্য নব-নির্মিত বাড়ির চাবি হস্তান্তর এবং চব্বিশের গণ-অভ্যুত্থানে নীলফামারী, পঞ্চগড় ও দিনাজপুর জেলার শহীদ পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়।