সোমবার, ০২ মার্চ ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন

জঙ্গিদের ফেলে যাওয়া মোটরসাইকেলের মালিক চিহ্নিত

জঙ্গিদের ফেলে যাওয়া মোটরসাইকেলের মালিক চিহ্নিত

ঢাকার আদালত থেকে জঙ্গি আসামিদের ছিনিয়ে নিতে দুটি মোটরসাইকেলে এসেছিল জঙ্গিরা। তাড়াহুড়ো করে পালানোর সময় একটি মোটরসাইকেল ফেলেই চলে যায় তারা। বর্তমানে সেই মোটরসাইকেলটি কোতোয়ালি থানায় রয়েছে।
সোমবার (২১ নভেম্বর) বিআরটিএ থেকে এই গাড়িটির নম্বর বের করে পুলিশ। পরে বিআরটিএ পুলিশকে জানায়, ঢাকা মেট্রো-ল-৩১-৫৭১০ নম্বরের ওই মোটরসাইকেলটি ১৬০ সিসির হোন্ডা ব্র্যান্ডের হরনেট মডেলের। মোটরসাইকেলটির নিবন্ধন হাসান আল মামুন নামে এক যুবকের নামে। তিনি পুরান ঢাকার বাসিন্দা বলে জানা গেছে।
বিআরটিএ সূত্র আরও জানায়, মোটরসাইকেলটির রেজিস্ট্রেশন করা হয়েছিল ২০২১ সালের ১৭ জানুয়ারি। মামুন মটর সাইকেলটির প্রথম মালিক রয়েছেন। জানতে চাইলে ডিবি পুলিশের প্রধান হারুণ আর রশিদ বলেন, মোটরসাইকেলের মালিক হাসান আল মামুনকে এখন ও আটক বা জিজ্ঞাসাবাদ করা হয়নি। এই বিষয়ে তদন্ত চলছে।
এরআগে, রবিবার ঢাকার নিম্ন আদালত থেকে পুলিশের চোখে স্প্রে করে প্রকাশক দীপন হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামিকে ছিনিয়ে নিয়ে যান জঙ্গিরা। রোববার দুপুর ১২টার দিকে ঢাকার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। পলাতক দুই আসামি হলেন- মইনুল হাসান শামীম ও আবু সিদ্দিক সোহেল। শামীমের বাড়ি সুনামগঞ্জের ছাতকের মাধবপুর গ্রামে। সোহেলের বাড়ি লালমনিরহাটের আদিতমারীর ভেটোশ্বর গ্রামে। রবিবার ঢাকার সন্ত্রাস দমন ট্রাইব্যুনালে মোহাম্মদপুর থানার একটি মামলায় তাদের হাজির করা হয়েছিল। হাজিরা শেষে হাজতখানায় নেয়ার পথে এ ঘটনা ঘটে।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |