মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন

নেইমারের পরিবর্তে একাদশে কে?

নেইমারের পরিবর্তে একাদশে কে?

কাতার বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে সুইজারল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল। প্রথম ম্যাচে জয়ের পর দ্বিতীয় ম্যাচও জিতে নকআউট পর্ব নিশ্চিত করতে চাইবে তারা। তবে, ইনজুরির কারণে এই ম্যাচে ব্রাজিল পাচ্ছে না দলটির মূল তারকা ফুটবলার নেইমারকে। নেইমারের পরিবর্তে একাদশে কাকে খেলানো হবে তা নিয়ে চলছে নানা আলোচনা।

বলা হয়ে থাকে ব্রাজিল নেইমার নির্ভর দল নয়। ভিনিসিয়ার জুনিয়র, রাফিনিয়া, জেসুস, রিচার্লিসনদের মতো তরুণ ফুটবলার রয়েছে দলটিতে। ব্রাজিল যে আসলেই নেইমারের উপর নির্ভরশীল নয় সেটি প্রমাণ করার সময় আজ। নেইমারবিহীন ব্রাজিল কেমন খেলে সেটি দেখার জন্যও মুখিয়ে অনেকে।

ব্রাজিলের জন্য নেইমার এমন একজন ফুটবলার যার বিকল্প খুঁজে পাওয়া মুশকিল। আর চলতি বিশ্বকাপে নেইমারকে যেভাবে ব্যবহার করা হয়েছে সে পজিশনে নেইমারের বিকল্প বের করা আরও কঠিন কাজ। সাধারণত নেইমারকে বাম উইংয়ে খেলানো হয়। কিন্তু এবারের বিশ্বকাপে নেইমারের সেই জায়গাটিতে খেলছেন ভিনিসিয়াস জুনিয়র।

ব্রাজিলের কোচ তিতে নেইমারকে খেলাচ্ছেন প্রতিপক্ষ বক্সের সামনে ‘জোন ১৪’ অঞ্চল থেকে লেফট হাফ স্পেসের আশেপাশে। এটা এমন একটা পজিশন যেখান থেকে গোলের সুযোগ তৈরি করা যায়, গোলে সহায়তা করা যায় এবং গোলও করা যায়। উইঙ্গার থেকে নেইমার এবারের বিশ্বকাপে খেলছে ইনসাইড প্লেমেকারের মত।

এমন পজিশনে বিকল্প ফুটবলার বের করা সহজ নয়, আর সেটা যদি হয় নেইমারের বিকল্প তাহলে তো আরও দুষ্কর। তারপরও ব্রাজিলকে তার বিকল্প ফুটবলারকে নিয়েই মাঠে নামতে হবে। আর সেক্ষেত্রে দুইজন ফুটবলারের নাম বেশি শোনা যাচ্ছে নেইমারের পজিশনের জন্য।

নেইমারের পরিবর্তে একাদশে দেখা যেতে পারে রদ্রিগো গোয়েজকে। রিয়াল মাদ্রিদে খেলা এই ফুটবলার যদিও মূলত ডান উইংয়ে খেলে থাকেন তবে সুইজারল্যান্ডের বিপক্ষে তিতে তাকেও নেইমারের জায়গায় ব্যবহার করতে পারেন। এছাড়া তিতের আরেকটি বিকল্প ফুটবলার হলো লুকাস পাকেতা।

এবারের বিশ্বকাপে নেইমারকে যে ভূমিকায় খেলানো হচ্ছে পাকেতা তার ক্লাব ওয়েস্ট হ্যামেও প্রায় একই ভূমিকায়ই খেলে থাকেন। ফলে নেইমারের পজিশনে পাকেতাকেও দেখা যেতে পারে। আর পাকেতাকে যদি সেভাবে ব্যবহার করা হয় তাহলে একাদশে দেখা যেতে পারে ব্রুনো গিমারেসকেও।

তবে যাকেই খেলানো হউক না কেনো, বাস্তবিক অর্থে তারা কেউই নেইমারের মানের ফুটবলার নয়। নেইমারের অভাব পূরণ করতে হলে একাদশের সবাইকেই নিজেদের শতভাগের চেয়ে বেশি উজাড় করে দিতে হবে। বিশ্বকাপে নকআউট পর্বে উঠার লক্ষ্যে সুইজারল্যান্ডের বিপক্ষে আজ (২৮ নভেম্বর) রাত ১০টায় মাঠে নামবে ব্রাজিল।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |