মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
দেশের প্রধানমন্ত্রীকে চোখের দেখা দেখতে চান। কেউ যেন তাঁকে সেই সুযোগ করে দেন। এই দাবি করে একটি অশ্বত্থ গাছের মগডালে চড়ে বসলেন যুবক। তার এমন কাণ্ডে প্রথমে চারপাশে ভিড় জমে যায়। এরপর গাছ থেকে ওই যুবককে নামানোর চেষ্টিা করলে হিমশিম খেতে হয়। বুধবার (৭ ডিসেম্বর)সকালে ভারতের পুরুলিয়া রেলস্টেশন সংলগ্ন এলাকায় ঘটনাটি ঘটেছে।
স্থানীয়রা জানান, সকালে তাঁরা দেখেন তরতর করে গাছে উঠে যাচ্ছেন এক যুবক। প্রথমে কেউ পাত্তা দেননি। কিন্তু একটু পরে তিনি জানান, তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করতে চান। এমন অদ্ভুত দাবি আর এই বিচিত্র কাজ দেখতে ভিড় জমে য়ায় গাছের তলায়। যদিও ওই যুবকের নাম-পরিচয় জানা যায়নি।
তবে এলাকার অনেকে বলছেন, তিনি মানসিক ভাবে ভারসাম্যহীন। ঘটনাটি যেহেতু একেবারে পুরুলিয়া স্টেশনে ঢোকার মুখে, তাই ওই যুবকের এমন কীর্তি দেখতে স্টেশনে যাতায়াতকারী প্রচুর মানুষ দাঁড়িয়ে পড়েন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যায় দমকল, জিআরপি এবং পুরুলিয়া সদর থানার পুলিশ।
যুবককে গাছ থেকে নামানোর চেষ্টা করে প্রথমে ব্যর্থ হন তাঁরা। পরে ঘটনাস্থলে পৌঁছয় সিভিল ডিফেন্সের কর্মীরা। তাঁরা ওই গাছের নীচে একটা জাল পাতেন। ওই যুবকের সঙ্গে অনেক বার কথা বলে তাঁকে বুঝিয়ে সুঝিয়ে নামানোর চেষ্টা করে সফল হন তাঁরা। সূত্র: আনন্দবাজার।