পরিবার নিয়ে কক্সবাজার যাওয়ার পথে সড়কেই লাশ হলো বাবা-মেয়ে

কামরুল হাসান , চট্টগ্রাম সংবাদদাতা

প্রকাশিত: ১২ সেপ্টেম্বর, ২০২৫, ০১:৪৪ পিএম

চট্টগ্রামের মিরসরাই উপজেলার ঠাকুরদিঘী এলাকায় পরিবার নিয়ে কক্সবাজার যাওয়ার পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়ে নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন একই পরিবারের আরও চারজন। শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চট্টগ্রামমুখী লেনে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানে প্রাইভেটকারের ধাক্কা লেগে বাবা-মেয়ে নিহত হয়েছেন। নিহতরা হলেন মোহাম্মদ গোলাম সরোয়ার (৪০) ও তার মেয়ে মুসকান (৩)

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ঢাকার উত্তরা থেকে পরিবারের সদস্যদের নিয়ে কক্সবাজারের উদ্দেশে যাচ্ছিল গোলাম সরোয়ার। পথে ঠাকুরদিঘী এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ডভ্যানকে সজোরে ধাক্কা দেয় তাদের বহনকারী প্রাইভেটকারটি। এতে ঘটনাস্থলেই বাবা-মেয়ে প্রাণ হারায়। এসময় খবর পেয়ে মিরসরাই ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।

এদিকে এবিষয়ে জোরারগঞ্জ হাইওয়ে থানার সাব-ইন্সপেক্টর (এসআই) বোরহান উদ্দিনের সাথে কথা হলে তিনি প্রতিদিনের কাগজকে জানান, সকালে ঠাকুরদিঘী এলাকায় দ্রুতগামী একটি  প্রাইভেটকার সড়কের পাশে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই বাবা-মেয়ের মৃত্যু হয়। মরদেহ জোরারগঞ্জ হাইওয়ে থানার হেফাজতে রয়েছে।

তিনি আরও বলেন, এ ঘটনায় গোলাম সারোয়ারের স্ত্রী ও ছেলে সামান্য আহত হয়েছেন। তারা এখন মোটামুটি সুস্থ আছেন। অপর দুজনকে গুরুতর অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

 

Link copied!