মেধা ও যোগ্যতায় চাঁদপুরে ৪৫ টিআরসি'র স্বপ্নপূরণ

আলম চৌধুরী , সিনিয়র রিপোর্টার

প্রকাশিত: ২৫ মে, ২০২৬, ১২:৩৪ পিএম

চাঁদপুরে স্বচ্ছতা, মেধা ও যোগ্যতার ভিত্তিতে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগপ্রাপ্ত ৪৫ জন প্রার্থীকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে চাঁদপুর জেলা পুলিশ। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে নবনিযুক্ত প্রার্থীদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ রবিউল হাসান, আইজি ব্যাজ ও শুদ্ধাচার পুরস্কারপ্রাপ্ত,  তিনি নিয়োগপ্রাপ্তদের হাতে ফুল তুলে দিয়ে অভিনন্দন জানান এবং তাদের সততা, নিষ্ঠা ও মানবিকতা নিয়ে দেশের সেবায় আত্মনিয়োগ করার আহ্বান জানান।

পুলিশ সুপার বলেন, বর্তমান সরকার ও বাংলাদেশ পুলিশের নির্দেশনায় সম্পূর্ণ স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত প্রক্রিয়ায় নিয়োগ কার্যক্রম সম্পন্ন হয়েছে। কোনো ধরনের তদবির, আর্থিক লেনদেন বা অনিয়ম ছাড়াই শুধুমাত্র মেধা ও যোগ্যতার ভিত্তিতে এসব প্রার্থী নির্বাচিত হয়েছেন। তিনি আরও বলেন,বাংলাদেশ পুলিশে চাকরি এখন আর ভাগ্যের বিষয় নয়, এটি মেধা ও পরিশ্রমের স্বীকৃতি।

অনুষ্ঠানে নবনিযুক্ত প্রার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও। তারা নতুন সদস্যদের শৃঙ্খলা, দায়িত্ববোধ ও জনগণের প্রতি সেবার মানসিকতা নিয়ে কাজ করার আহ্বান জানান।

এ সময় চাঁদপুর জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তা, অভিভাবক ও নিয়োগপ্রাপ্ত প্রার্থীদের পরিবারবর্গ উপস্থিত ছিলেন। নিয়োগপ্রাপ্তদের পরিবারের সদস্যরা স্বচ্ছ নিয়োেগ প্রক্রিয়ায় সন্তোষ প্রকাশ করে জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা জানান।

অনুষ্ঠান শেষে নবনিযুক্ত ৪৫ জন টিআরসি সদস্যের সঙ্গে জেলা পুলিশ সুপারসহ অন্যান্য কর্মকর্তারা শুভেচ্ছা বিনিময় ও স্মৃতিচারণমূলক ফটোসেশন করেন।

Advertisement

Link copied!