৩০ লক্ষ টাকা ব্যয়ে নিজ গ্রামে সড়ক করলেন শিল্পপতি ইকবাল হোসেন ইসহাক (সিআইপি)

ফখরুল ইসলাম , চান্দিনা (কুমিল্লা) সংবাদদাতা

প্রকাশিত: ২৫ মে, ২০২৬, ১২:১৩ পিএম

কুমিল্লার চান্দিনা  উপজেলার গল্লাই ইউনিয়নের কেশেরা গ্রামের কৃতী সন্তান শিল্পপতি ইকবাল হোসেন ইসহাক (সিআইপি) নিজ অর্থায়নে প্রায় ৩০ লক্ষ টাকা ব্যয়ে একটি গুরুত্বপূর্ণ গ্রামীণ সড়ক নির্মাণ করে এলাকায় ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন।

তিনি কেশেরা গ্রামের বিশিষ্ট ব্যক্তি হাজী ডাক্তার আনোয়ার হোসেনের বড় ছেলে। দীর্ঘদিন ধরে মালয়েশিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশে সফলতার সঙ্গে ব্যবসা পরিচালনা করে আসছেন। বর্তমানে তার ব্যবসা প্রতিষ্ঠানের মাধ্যমে প্রায় চার হাজার শ্রমিক কর্মরত রয়েছেন। একজন সফল ব্যবসায়ী হওয়ার পাশাপাশি তিনি সমাজসেবামূলক কর্মকাণ্ডেও গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে এলাকার মানুষ চলাচলের জন্য একটি উন্নত রাস্তার অভাবে ভোগান্তির শিকার ছিলেন। বিশেষ করে বর্ষাকালে শিক্ষার্থী, বৃদ্ধ ও সাধারণ মানুষের চলাচল অত্যন্ত কষ্টকর হয়ে উঠত। মানুষের এই দুর্ভোগের কথা চিন্তা করে শিল্পপতি ইকবাল হোসেন ইসহাক নিজ উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে রাস্তাটি নির্মাণের কাজ সম্পন্ন করেন। ফলে এখন এলাকাবাসীর যাতায়াত অনেক সহজ ও নিরাপদ হয়েছে।

শুধু রাস্তা নির্মাণই নয়, তিনি দীর্ঘদিন ধরে এলাকার বিভিন্ন সামাজিক, ধর্মীয় ও মানবিক কর্মকাণ্ডে নীরবে সহযোগিতা করে আসছেন। অসহায় ও দুস্থ পরিবারের পাশে দাঁড়ানো, দরিদ্র শিক্ষার্থীদের সহায়তা প্রদান, মসজিদ-মাদরাসাসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে অনুদান দেওয়া এবং বেকার মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করাসহ নানা উন্নয়নমূলক কর্মকাণ্ডে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।

এলাকাবাসী বলেন, একজন সফল শিল্পপতি হয়েও তিনি সবসময় গ্রামের মানুষের সুখ-দুঃখে পাশে থাকেন। তার এমন মানবিক উদ্যোগ নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার উদাহরণ হয়ে থাকবে। স্থানীয়দের প্রত্যাশা, ভবিষ্যতেও তিনি এলাকার উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে আরও বড় ভূমিকা রাখবেন।

গ্রামের সচেতন মহল মনে করেন, সমাজের বিত্তবান ও প্রবাসী উদ্যোক্তারা যদি নিজ নিজ এলাকার উন্নয়নে এগিয়ে আসেন, তাহলে গ্রামবাংলার অবকাঠামোগত উন্নয়ন আরও দ্রুত এগিয়ে যাবে। শিল্পপতি ইকবাল হোসেন ইসহাকের এই মহৎ উদ্যোগ সেই দৃষ্টান্তই স্থাপন করেছে।

Advertisement

Link copied!