ফুলবাড়ী উপজেলা প্রশাসনের সঙ্গে কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্যের মতবিনিময়

জাকির হোসেন , ফুলবাড়ী (কুড়িগ্রাম) সংবাদদাতা

প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারী, ২০২৬, ০২:৫৬ পিএম

কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ডা. আতিক মুজাহিদ ফুলবাড়ী উপজেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভায় অংশগ্রহণ করেছেন। উপজেলা প্রশাসনের আয়োজনে ফুলবাড়ী উপজেলা প্রশাসন হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার দিলারা আকতার।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আনোয়ার হোসেন, ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদ হাসান নাঈম, উপজেলা মৎস্য কর্মকর্তা, যুব উন্নয়ন কর্মকর্তা, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, উপজেলা জামায়াতের আমিরসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সভায় সরকারি সেবার মানোন্নয়ন, চলমান উন্নয়ন প্রকল্পের অগ্রগতি, প্রশাসনিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ, দপ্তরসমূহের মধ্যে সমন্বয় বৃদ্ধি এবং নাগরিক হয়রানি বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

সংসদ সদস্য ডা. আতিক মুজাহিদ বলেন, সরকার জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে। সাধারণ মানুষ যেন দ্রুত, সহজ ও হয়রানিমুক্ত সেবা পায়, সে বিষয়ে সবাইকে আন্তরিকভাবে দায়িত্ব পালন করতে হবে। কোনো দপ্তরে ঘুষ বা অনৈতিক লেনদেন বরদাশত করা হবে না। এ বিষয়ে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে। তিনি আরও বলেন, ফুলবাড়ীতে মাদক কারবারির সঙ্গে কোনো সরকারি কর্মকর্তা বা কর্মচারী জড়িত থাকলে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। মাদক নির্মূলে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে আরও তৎপর হতে হবে।

ডা. আতিক মুজাহিদ জানান, ফুলবাড়ী হাসপাতালের মান উন্নয়ন করা হবে, কমিউনিটি ক্লিনিকগুলোকে কার্যকর করা হবে এবং শিক্ষাক্ষেত্রে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। পাশাপাশি মেরামতযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি ভবনগুলো দ্রুত সংস্কার করা হবে।

তিনি বালারহাট-বড়ভিটা বাজারসহ উপজেলার বিভিন্ন সড়কের বেহাল অবস্থার কথা উল্লেখ করে বলেন, এসব সড়ক দ্রুত সংস্কারের উদ্যোগ নেওয়া হবে। এছাড়া সাধারণ মানুষের অভিযোগ ও সমস্যার কথা সরাসরি জানানোর সুবিধার্থে উপজেলার গুরুত্বপূর্ণ মোড়গুলোতে এমপির মোবাইল নম্বর ব্যানার আকারে টানানোর উদ্যোগ নেওয়া হবে।

সভায় যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে বেকার যুবকদের প্রশিক্ষণ ও কর্মসংস্থান সৃষ্টি, কৃষি ও মৎস্য খাতের আধুনিকায়ন এবং উন্নয়ন প্রকল্পসমূহ সময়মতো বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করা হয়।

উপস্থিত কর্মকর্তারা নিজ নিজ দপ্তরের চলমান কার্যক্রম, সমস্যা ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। অবকাঠামোগত সীমাবদ্ধতা ও জনবল সংকট নিরসনে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর জোর দেওয়া হয়।

সভা শেষে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এ ধরনের মতবিনিময় সভার মাধ্যমে ফুলবাড়ী উপজেলা প্রশাসনের কার্যক্রম আরও গতিশীল, স্বচ্ছ ও জনবান্ধব হবে এবং উপজেলার সার্বিক উন্নয়নে নতুন গতি সঞ্চার হবে।

Advertisement

Link copied!