ফরিদপুর ১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য প্রফেসর ড. মোঃ ইলিয়াস মোল্লা মাদক, দুর্নীতি ও অবৈধভাবে পরিবেশ দূষণকারীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অবলম্বনের আহ্বান জানিয়েছেন। মধুখালীতে এক আইন-শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভায় তিনি বলেন, "আপনারা চোখ কান খোলা রাখবেন। যেখানেই সমস্যা হবে দলমত নির্বিশেষে অ্যাকশনে যাবেন।"
তিনি আরও বলেন, "আপনারা মনে রাখবেন আপনারা যে দায়িত্বে আছেন আপনাদের অভিভাবক হিসেবে জনগণ আমাকে আরেকটা দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন। এই এলাকার জনগণ আমাদের কাছে ভালো কিছু আশা করেন, জনগণ যেভাবে ভালো থাকতে পারে আপনারা সেই কাজ করবেন। আমি বিশেষ করে ওসি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সাহেবকে বলবো- আপনারা চোখ কান খোলা রাখবেন, আমরা দেশ গড়ার জন্য এসেছি। এখানে দলমত নির্বিশেষে সকলকে নিয়ে আমরা দেশ গড়বো।"
মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির পাশাপাশি দুর্নীতির বিরুদ্ধেও একই নীতি অবলম্বনের কথা উল্লেখ করেন তিনি। মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা রওশনা জাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. মোঃ ইলিয়াস মোল্লা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এরফানুর রহমান, মধুখালী থানা অফিসার ইনচার্জ ফকির তাইজুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মামুন হাসান, উপজেলা কৃষি অফিসার মাহবুব এলাহী, উপজেলা প্রকৌশলী সোহেল রানা, উপজেলা প্রাণী সম্পদ অফিসার তানজিম নাঈম, মৎস্য অফিসার পবিত্র কুমার, সমাজসেবা অফিসার কল্লোল সাহা, উপজেলা নির্বাচন অফিসার আদেলুর রহমানসহ সাংবাদিক ও ইউনিয়ন চেয়ারম্যানগণ।
এসময় প্রধান অতিথি উপজেলার বিভিন্ন সমস্যার কথা শোনেন। তিনি কর্মকর্তা-কর্মচারীদের অনুরোধ করে বলেন, "ভালো করে খেয়াল করুন, আপনি যে ধর্মেরই হন, আজ আছি কাল থাকবো না। এই রমজান মাসে কাউকে যেন ২ টাকা ঘুষ দিতে না হয় এবং রমজানে নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রীর দাম যাতে নিয়ন্ত্রণে থাকে সেদিকে খেয়াল রাখবেন।" অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি নবনির্বাচিত সংসদ সদস্য প্রফেসর ড. মোঃ ইলিয়াস মোল্লাকে ফুল দিয়ে বরণ করে নেন উপজেলা প্রশাসন।
আপনার মতামত লিখুন :